শুনানি শুরু, পেপারবুক পায়নি রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার চাঞ্চল্যকর অর্ণব হত্যা মামলার শুনানি গতকাল হাইকোর্ট বি-ভাগে শুরু হয়েছে। অথচ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গতকাল সোমবার পর্যন্ত পেপারবুক পাননি। পেপারবুক হলো ফৌজদারি মামলার যাবতীয় নথিপত্রের সংকলন।এ মামলার শুনানি স্বাভাবিক নিয়মে না হওয়ারও অভিযোগ আনা হয়েছে। গত মে মাসে ক্রমিকের ব্যত্যয় ঘটিয়ে অর্ণব হত্যা মামলার শুনানি হঠাৎ স্থির করা হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তখন ক্রমিক বজায় রাখার পক্ষে আদালতে মত দেন। দৃষ্টি আকর্ষণ করা হলে গতকাল সকালে তিনি প্রথম আলোর কাছে তাঁর সেই মত পুনর্ব্যক্ত করেন। এর আগে মে মাসে ‘আংশিক শ্রুত’ হিসেবে অর্ণব হত্যা মামলা দৈনিক কার্যতালিকায় মুদ্রিত হয়েছিল। রাষ্ট্রপক্ষের প্রবল আপত্তির মুখে আদালত মামলাটি ১২ মে কার্যতালিকা থেকে বাদ দেন।অর্ণবের চাচা নিশান দাশ গতকাল দুপুরে প্রধান বিচারপতির কাছে দায়ের করা এক আবেদনে অস্বাভাবিক শুনানির বৃত্তান্ত তুলে ধরেন। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন। ২০০০ সালের ১৮ জুন টিয়াপাখি দেওয়ার নাম করে শিশু অর্ণবকে ডেকে নিয়ে ঘাতকেরা নিষ্ঠুরভাবে হত্যা করে। এ নিয়ে সাতক্ষীরা অঞ্চলে বিরাট গণআন্দোলন হয়। বিগত জোট সরকারের আমলে এই হত্যা মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। কিন্তু পরে আদালত তা নাকচ করেন। তবে বিচারিক আদালতের রায়ে দুজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন সাজা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কারাবন্দী। অন্য চারজন জামিনে মুক্ত।বিচারপতি আবু তারিক ও বিচারপতি আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে রাষ্ট্রপক্ষ গতকালই ১৫ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য পেশ সম্পন্ন করেন। অথচ রাষ্ট্রপক্ষ পেপারবুক পায়নি। বিষয়টি আদালতের নজরে আনা হলে আসামিপক্ষ তাৎক্ষণিক পেপারবুকের একটি অনুলিপি দেন। সেটি দিয়ে গতকালের কাজ চালানো হয়। তবে পেপারবুক রীতি অনুযায়ী সলিসিটর অফিসেও জমা পড়েনি বলে আইন কর্মকর্তারা জানিয়েছেন।নিয়ম হলো, শুনানি শুরুর আগে রাষ্ট্রপক্ষকে অবশ্যই পেপারবুক দিতে হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা বিস্ময়কর বিষয়। পেপারবুক না পেলে আমরা কীভাবে শুনানির প্রস্তুতি নেব।’ তালিকা থেকে বাদ দেওয়ার ৭৩ দিনের ব্যবধানে গত ২৬ জুলাই মামলাটি ফের তালিকায় আসে। রাষ্ট্রপক্ষ পুনরায় ক্রমিক রক্ষার কথা বলে। আদালত বলেন, মামলা তো শুনানির জন্য প্রস্তুত। রাষ্ট্রপক্ষ দুই সপ্তাহ সময় নেয়। গত ৮ আগস্ট তাঁরা পুনরায় সময় চাইলে আদালত তা নামঞ্জুর করেন।