২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার সাক্ষ্য বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের ওপর ২৩ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
আইনজীবী সূত্র জানায়, এই মামলার ১০৪ নম্বর সাক্ষী জজ মিয়া গত ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালতে সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্য প্রত্যাহার চেয়ে বিচারিক আদালতে আসামি উজ্জ্বল ওরফে রতন আবেদন করলে তা নাকচ হয়। এর বিরুদ্ধে উজ্জ্বল ২০ অক্টোবর হাইকোর্টে আবেদন (রিভিশন) করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের শতাধিক নেতা-কর্মী আহত হন।