শুনানি শেষ করতে সময় বেঁধে দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে করা দুটি মামলায় আসামিপক্ষকে আগামী রোববার শুনানি শেষ করতে সময় বেঁধে দিয়েছেন আদালত।
গতকাল বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে এক আসামির পক্ষে আইনগত বক্তব্য উপস্থাপনের জন্য অধিকতর শুনানির আবেদন করা হয়। তখন আসামি হারুন-অর-রশিদের আইনজীবী এহসানুল হককে এ সময় বেঁধে দেন আদালত।
আদালত বলেন, মামলা দুটিতে রাষ্ট্র ও আসামিপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানি করতে ১৮ দফা সুযোগ পেয়েছে। আদালত আংশিক শুনানি নিয়ে ন্যায়বিচারের স্বার্থে প্রত্যেককেই সময় দিয়েছেন। আসামিপক্ষের অব্যাহতি চেয়ে আবেদনের ওপর আইনগত যুক্তি উপস্থাপনের জন্য শেষবারের মতো সময় দেওয়া গেল। আগামী রোববার শেষ করতে না পারলে আদালত আইনানুগভাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষে অনেক আগেই অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে। আদালত আসামিপক্ষকে সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেন, এ মামলায় ৪৬ আসামি পলাতক আছেন। একজন জামিনে ও পাঁচজন কারাগারে আটক আছেন।
২০১৪ সালের ১১ জুন অভিযোগপত্রভুক্ত এই ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। তাতে ৪৬ জনকে পলাতক দেখানো হয়। পাঁচজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এরপরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে না পারায় এবং আসামিরাও আত্মসমর্পণ না করায় আদালত গতকাল এই আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, মামলা দুটিতে জামিনে থাকা ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ গতকাল আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। তবে এ মামলায় কারাগারে থাকা আসামি ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও শফিউল ইসলামকে গতকাল আদালতে হাজির করা হয়।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আবদুস সালাম জানান, মামলা দুটিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার পর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করা হবে। আদালত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলা দুটিতে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের ১২ জনকে আসামি করা হয়। গত ৪ মে প্রতারণার মাধ্যমে ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ ১ হাজার ১৮২ টাকা আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।