প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে কাল বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল মঙ্গলবার শুনানি শেষে এ দিন ধার্য করেন।
নির্দেশনা অনুসারে গতকাল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আদালতে উপস্থিত হন। শুনানির একপর্যায়ে মতিউর রহমানের কাছে আদালত জানতে চান, হলফনামা তিনি নিজে পড়ে সই করেছেন কি না। জবাবে মতিউর রহমান হ্যাঁ সূচক জবাব দেন। এ সময় তিনি বলেন, ‘আমরা সব সময় বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে। বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ আমরা কখনো করি না। আমরা প্রতিদিন ২৪ থেকে ৩২ পৃষ্ঠার একটি পত্রিকা বের করি। সম্পাদক ও প্রকাশক হিসেবে আমার পক্ষে প্রতিটি লেখা ও প্রতি লাইন দেখা সম্ভব হয় না।’
আদালত জানতে চান, গণমাধ্যমকর্মীদের জন্য ‘কোড অব কনডাক্ট’ এবং তা নিয়ন্ত্রণের জন্য কোনো কর্তৃপক্ষ আছে কি না। মতিউর রহমান বলেন, ‘প্রেস কাউন্সিল আইন ও প্রেস কাউন্সিল আছে। আমরা সব সময় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার কথা বলি।’
আদালত বলেন, বিদেশের নানা পত্রিকায় অভিমত প্রকাশের ক্ষেত্রে লেখকের মতামতের দায় একান্ত লেখকের বলে উল্লেখ করা থাকে। আপনাদের ক্ষেত্রেও কি একই নিয়ম আছে?
মতিউর রহমান বলেন, ‘যেহেতু আমি সম্পাদক ও প্রকাশক, তাই প্রথম আলোতে প্রকাশিত কোনো লেখা বা প্রতিবেদনের দায় আমি এড়াতে পারি না।’
আদালত বলেন, এই লেখাটি পড়ে মনে হচ্ছে, নির্দিষ্টভাবে একটি আদালতকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা লেখা হয়েছে। এ ছাড়া এটা শুধু একটি আদালতের বিষয় নয়, গোটা বিচারব্যবস্থাকে এই লেখায় প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এ সময় আদালত ওই লেখার কয়েকটি জায়গা উদ্ধৃত করেন।
মতিউর রহমান বলেন, ‘যদি ওই লেখায় এমন কিছু থাকে, তাহলে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। আদালতকে হেয় করার কোনো উদ্দেশ্য আমাদের নেই।’
প্রায় ২০ মিনিট হূদ্যতাপূর্ণ পরিবেশে আদালতের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মতিউর রহমান। আদালত মতিউর রহমানকে তাঁর বক্তব্য ও সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেন।
এর আগে ও পরে প্রথম আলোর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। আদালতের নির্দেশনা অনুসারে মতিউর রহমান ও মিজানুর রহমান খানের পক্ষে গতকাল আবার রুলের জবাব দাখিল করা হয়। মিজানুর রহমান খান প্রথমে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে বসতে দেওয়া হয়।
শুনানির শেষ পর্যায়ে আদালত মিজানুর রহমান খানের কাছে জানতে চান, ‘আপনি কি ক্ষমা চাইবেন, না আইনি লড়াই করবেন?’ মিজানুর রহমান বলেন, ‘আমার লেখাটির উদ্দেশ্য আদালতকে আহত বা অবমাননা করা নয়। তার পরও আমার লেখার কোনো শব্দ বা বাক্য যদি এই মহান প্রতিষ্ঠানকে আহত করে, সে জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
পরে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, প্রথম আলোর সম্পাদক আদালতে এসে যা বলে গেছেন, এরপর এ নিয়ে আর এগোনো ঠিক হবে না। আদালত তাঁর বিবেচনায় রায় দেবেন। তবে তিনি আদালতের কাছে সাংবাদিকদের জন্য একটি দিকনির্দেশনা (গাইডলাইন) প্রার্থনা করেন। পরে আদালত আদেশের দিন ধার্য করেন।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। এরপর আদালত অবমাননার অভিযোগে ২ মার্চ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে ৬ মার্চ মিজানুর রহমান খানকে আদালতে হাজির হতে বলা হয়। ৬ মার্চ থেকে গতকাল পর্যন্ত চতুর্থ দিনের মতো শুনানি হয়।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানকে আজ বুধবার হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানির সময় রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের সম্পর্কে যে ঢালাও বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ করে বিবৃতি দেওয়ায় আদালত তাঁদের হাজির হতে নির্দেশ দেন। এই বিবৃতি প্রকাশের জন্য সমকাল ও নয়া দিগন্ত পত্রিকার বিরুদ্ধে রুল দেন আদালত।