সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় করা দুটি মামলা উচ্চ আদালতে বদলি প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করা হতে পারে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি নিয়ে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলা দুটি হাইকোর্টে স্থানান্তরের নির্দেশনা চেয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ তিনজন এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহৃদ মুনীর গত বছরের ১ অক্টোবর হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে ৩ অক্টোবর আদালত রুল দেন। রুলে মামলা দুটি উচ্চ আদালতে কেন বদলি করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে ওই মামলার নথিপত্রও তলব করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন। বাসের বিমা কোম্পানি রিলায়েন্স ইনস্যুরেন্সের পক্ষে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিকী ও শিশির মনির।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে তারেক ও মিশুককে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তারেক-মিশুকসহ পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার পর গত বছরের ১৩ ফেব্রুয়ারি আবেদনকারীরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিন্যান্সে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন। ওই মামলা দুটি হাইকোর্টে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন বাদীরা।