শুনানি শেষ হতে আরও সময় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ও রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হতে আরও অন্তত দুই থেকে তিন মাস লাগবে। গত বছরের জানুয়ারিতে হাইকোর্টে এই শুনানি শুরু হয়।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র বলেছে, ইতিমধ্যে এই মামলার পেপারবুক ও ফাঁসির আদেশ পাওয়া আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এখন ফাঁসির আদেশ পাওয়া আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে। এরপর যাবজ্জীবনসহ কারাদণ্ডাদেশ পাওয়া আসামিদের ও খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি হবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, চলতি মাসে ফাঁসির আদেশ পাওয়া আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হতে পারে। এরপর আসামিদের ও রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি হবে। এগুলো শেষ হতে দুই থেকে তিন মাস লাগতে পারে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র বলেছে, গত বছরের ১৮ জানুয়ারি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে পিলখানা হত্যা মামলার শুনানি শুরু হয়। গতকাল পর্যন্ত এই বেঞ্চে ১৯০ দিন শুনানি হয়েছে। এর মধ্যে প্রথম ১২৪ দিনে পেপারবুক উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার। এরপর ১৬ দিন রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরের ৫০ দিনে আসামিপক্ষের আইনজীবীরা ১২০ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছেন।
শুধু পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স, জেল আপিল এবং রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিলের শুনানির জন্য গত বছরের শুরুতে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে গঠিত এই বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয়, মে মাসের আগে এই মামলার শুনানি শেষ হবে না, আরও সময় লাগতে পারে।’ তিনি বলেন, গত এক বছর প্রতি কার্যদিবসে এই মামলার শুনানি হয়েছে। তারপরও আসামির সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় এই মামলার শুনানি শেষ হতে স্বাভাবিকভাবে অনেক সময় লাগবে।
এই হত্যা মামলায় আসামি ছিলেন ৮৫০ জন। মহানগর দায়রা জজ আদালতে বিচার চলাকালে চারজন আসামি মারা যান। ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত ৮৪৬ জন আসামির রায় ঘোষণা করেন। ওই রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ডাদেশ, ১৬০ জনকে যাবজ্জীবন, ২০৭ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং ৪৯ জনকে অন্য মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৮ জন খালাস পান।
ওই রায়ের পর ১৫২ জনের ডেথ রেফারেন্স হাইকোর্টে যায়। একই সঙ্গে সাজার বিরুদ্ধে ১১৯টি নিয়মিত আপিল ও ১৩৩টি জেল আপিল হয়। এ ছাড়া খালাস পাওয়া ২৭৮ জনের মধ্যে ৬৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। হাইকোর্টে সবগুলোর শুনানি একসঙ্গে শুরু হয়। হাইকোর্টে মামলা বিচারাধীন থাকা অবস্থায় আরও নয়জন আসামি মারা গেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার বলেন, এমনিতেই এটি বিশাল ফৌজদারি মামলা। তার ওপর আসামিপক্ষের বেশ কয়েকজন আইনজীবী নিয়মিত আদালতে এসে যুক্তি উপস্থাপন করেন না। এতে বিচারের গতি আরও কমে যায়। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে এস এম শাহজাহান, আমিনুল ইসলাম, শামীম সরদার প্রমুখ নিয়মিত আদালতের কার্যক্রমে অংশ নেন।
পিলখানা হত্যা মামলায় আসামিদের পক্ষে ২৫ জনের বেশি আইনজীবী নিযুক্ত, তাঁদের মধ্যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও (স্টেট ডিফেন্স) রয়েছেন। এর মধ্যে কমপক্ষে ৬০ জন আসামির পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী আমিনুল ইসলাম। জাহিদ সারোয়ারের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘অনেক সময় আপিল করার পর আসামির পক্ষ থেকে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয় না, আইনজীবীরা তাঁর প্রয়োজনীয় নির্দেশনা বা ফি পান না। তারপরও বিচারপ্রার্থীর ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টি দেখা আইনজীবীর দায়িত্ব।’