শুনানি শেষে ২২ জনকে কারাগারে পাঠালেন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আসামি র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে নিয়মিত হাজিরার পর গতকাল বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত। র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে তাঁর আইনজীবী জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।
একই সঙ্গে আদালত র্যা বের আট সদস্যসহ পলাতক ১৩ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তার অনুলিপি আগামী ধার্য তারিখ ৯ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন।
গতকাল সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান এ কথা জানিয়েছেন।
আদালতে শুনানি চলাকালে তারেক সাঈদের পক্ষে জামিনের আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য আবদুস সালাম ভূঁইয়া, সারোয়ার মিয়া, দেলোয়ার হোসেন, সামসুল আলম ও মৌসুমী বেগম। আদালত শুনানি শেষে তারেক সাঈদের জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ৬ সেপ্টেম্বর তারেক সাঈদের পক্ষে মামলা লড়তে ঢাকা আইনজীবী সমিতির এই পাঁচ সদস্যের দলটি আদালতে এসে অনুমতি চেয়ে শুনানিতে অংশ নেওয়ার আবেদন করে। স্থানীয় আইনজীবীরা এ মামলার আসামিদের পক্ষে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছর ২৭ এপ্রিল ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এ ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে এ বছর ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে কাউন্সিলর নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বর্তমানে র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক। পলাতক রয়েছেন র্যা বের আট সদস্যসহ ১৩ জন।