১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি হবে আগামী সোম ও মঙ্গলবার। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এই দিন ধার্য করেন।
গতকাল শুনানির দিন ধার্য থাকলেও ফুল কোর্ট রেফারেন্স থাকায় শুনানি হয়নি। কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ফুল কোর্ট রেফারেন্স থাকায় গতকাল বৃহস্পতিবার মামলার শুনানি হয়নি। আদালত আগামী সোম ও মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।
যুক্তিতর্ক শেষ হওয়ার পর বিচারক রায় ঘোষণার দিন ধার্য করবেন। ২০০৪ সালের ১ এপ্রিল নগরের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। বর্তমানে এ ঘটনায় দায়ের হওয়া অস্ত্র আটক ও অস্ত্র চোরাচালান মামলা যুক্তিতর্ক শুনানির জন্য রয়েছে।