শুনানি ১০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার চতুর্থ সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবীর জেরা সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত ১০ জুন পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সভাপতি ইসমাঈল হোসেনকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। গত ২১ মে সাক্ষ্যে আদালতকে তিনি জানিয়েছিলেন, মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেন আসামিরা।
এ বক্তব্যের বিরোধিতা করে আসামির আইনজীবীরা ইসমাঈলকে কয়েকটি ধার্য দিনে জেরা করেন। জেরাকালে তিনি মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় বলে উল্লেখ করেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন।