জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর গত বছরের ২৪ সেপ্টেম্বর শুনানি শুরু হয়। গতকাল ২৪তম দিনের মতো শুনানি হয়। শুনানিতে আসামিপক্ষের কৌঁসুলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের ২৮ জন সাক্ষী ও আসামিপক্ষের ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা উপস্থাপন শেষ করেন।
গতকালও সাঈদীর পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন, সাঈদীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক বিদেশে থাকায় চার সপ্তাহ সময়ের আবেদন করা হয়। আদালত এক সপ্তাহ শুনানি মুলতবি করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা দণ্ড দেওয়া হয়নি। ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।