শুনানি ৩ অক্টোবর পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি ৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার আজহারুলকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী ইমরান এ সিদ্দিক ও শিশির মনির। এ সময় আজহারুল আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
শুনানিতে শিশির মনির বলেন, আজহারুল জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন উল্লেখ করে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ৪(২) ধারায় ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় আনা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক অভিযোগে আরেক জায়গায় লেখা হয়েছে, আসামি মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে সখ্য ও যোগাযোগ বজায় রেখে নানা অপরাধে নেতৃত্ব দেন। কাউকে কমান্ডার উল্লেখ করলে তাঁর অধীন ব্যক্তিদের উল্লেখ থাকতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে, পাকিস্তানি সেনাদের সঙ্গে ‘সখ্য ও যোগাযোগ’ রেখে অপরাধ করেছেন। সে ক্ষেত্রে ৪(২) ধারায় আনা অভিযোগ এ আসামির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ইমরান সিদ্দিক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন না করার আরজি জানান। পরে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকের শুনানির জন্য আসামিপক্ষ সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল ৩ অক্টোবর পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।