সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার শুনানি আগামী ৬ অক্টোবর ভারতের সুপ্রিম কোর্টে শুরু হবে। সুপ্রিম কোর্ট গতকাল বুধবার এ তারিখ নির্ধারণ করেন। ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) নির্বাহী পরিচালক কিরীটী রায় গতকাল প্রথম আলোকে এ কথা জানান।
ফেলানী হত্যার ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশায় তার বাবা নুরুল ইসলাম বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মাধ্যমে মাসুমের সহযোগিতায় ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ আগস্ট ফেলানী হত্যা মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হয়।
ফেলানী হত্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালতে দুই দফা বিচার হয়েছে। দুই বিচারের রায়েই অভিযুক্ত বিএসএফের সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ফেলানীর বাবা। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে নিহত হয় ফেলানী।