শুনানিতে কিছু বলেননি ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে আজ মঙ্গলবার ফিলিপাইনের সিনেট কমিটির শুনানি হয়েছে। শুনানিতে সংশ্লিষ্ট সব পক্ষকেই ডাকা হয়। কিন্তু ফিলিপাইনের সংশ্লিষ্ট ব্যাংক ও ক্যাসিনোর কর্মকর্তারা শুনানিতে কোনো প্রশ্নের উত্তর দেননি। খবর র্যাপলার অনলাইনের।
সিনেটর তেইফিসটো গুইনগোনার এক প্রশ্নের জবাবে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতো আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে তাঁর অধিকারের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, তাঁদের ব্যাংকের একটি শাখার কয়েকটি হিসাব ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া টাকা স্থানান্তরের বিষয়ে তিনি শুধু কার্যনির্বাহী অধিবেশনেই কথা বলবেন।
শুনানিতে সিনেটর গুইনগোনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেগুইতোকে প্রশ্ন করেন, অলস অবস্থায় থাকা চারটি হিসাবে হঠাৎ করে কোটি কোটি ডলার জমা হওয়ার পরও শাখা ব্যবস্থাপক হিসেবে তিনি কি কোনো সংকেত পাননি? প্রশ্ন করার সময় গুইনগোনা এটাও বলেন যে, গত বছরের মে মাসে ৫০০ ডলার দিয়ে ওই চারটি অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টগুলোতে চলতি ফেব্রুয়ারির আগ পর্যন্ত কোনো লেনদেন হয়নি।
কিন্তু এই প্রশ্নের উত্তরে দেগুইতো বলেন, ‘আমি দুঃখিত। আমাকে আত্মপক্ষ সমর্থনের বিষয়টি তুলে ধরতে হবে এবং আমি এ বিষয়ে কার্যনির্বাহী অধিবেশনেই কথা বলব।’
প্রশ্নের জবাব না দেওয়ার যুক্তি তুলে ধরে দেগুইতো বলেন, সিনেটের গণশুনানির কয়েক ঘণ্টা আগে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে। তাই তিনি এ বিষয়ে কোনো কথা বললে পরে তা দলিল হিসেবে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।