দশম জাতীয় সংসদে যশোর-১ ও ২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের দুই সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলাম নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত দুই মিনিটের শুনানিতে তাঁরা এই ক্ষমা চান।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ তথ্য জানায়। তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। ওই দুজনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, ৩০ মার্চ এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত জানানো হবে।
গত ৫ জানুয়ারির নির্বাচনে শেখ আফিল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যশোর-১ ও মনিরুল ইসলাম যশোর-২ আসন থেকে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশন তাঁদের নাম গেজেটে প্রকাশ করেনি। এ কারণে তাঁরা এখনো শপথ নিতে পারেননি।
কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল শুনানিতে দুই সাংসদ বলেন, কারণ দর্শানোর নোটিশের তাঁরা যে বক্তব্য দিয়েছেন তা সত্য। এর বাইরে তাঁদের যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, সে জন্য তাঁরা ক্ষমা প্রার্থনা করেন। তাঁদের এই বক্তব্যের পর কমিশন আর শুনানি গ্রহণ করেনি।
জনৈক শাহীন উল কবীর গত ১ জানুয়ারি নির্বাচন কমিশনে অভিযোগ করেন, ৩০ ডিসেম্বর যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন যশোর-২ আসনের আওয়ামী লীগদলীয় প্রার্থী মনিরুল ইসলামের এজেন্টেদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ৫ জানুয়ারি ভোটের দিন ছয়টি কেন্দ্র দখল করা হবে। প্রতিটি কেন্দ্রে নৌকা প্রতীকের ১০০ জন কর্মী দুপুর ১২টার মধ্যে মনিরুলের জয় নিশ্চিত করবে। অভিযোগের পক্ষে আফিলের কথোপকথনের একটি সিডিও জমা দেন শাহীন।
কমিশনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে কমিশন ৭ জানুয়ারি এই দুই সাংসদকে কেন তাঁদের সদস্যপদ বাতিল করা হবে না মর্মে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলে। ১৫ জানুয়ারি অভিযোগ অস্বীকার করে দুই সাংসদ আত্মপক্ষ সমর্থন করেন। জবাবে শেখ আফিল উদ্দিন বলেন, ‘নির্বাচনের আগে আমি কেন্দ্র দখলের ব্যাপারে কোনো বক্তব্য উচ্চারণ করিনি। জমা দেওয়া সিডিতে নির্বাচনী আইনবিরোধী কোনো বক্তব্য থাকলে সেটা আমার নয়। আমার দৃঢ় বিশ্বাস, প্রযুক্তির সুবিধা নিয়ে আমার কণ্ঠ নকল করে সিডিটি তৈরি করা হয়েছে।’
২১ জানুয়ারি কমিশন দুই সাংসদকে শুনানিতে তলব করে। শুনানিতে অংশ নেওয়ার আগে তাঁরা কমিশনের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এ কারণে কমিশন আর তাঁদের শুনানি গ্রহণ করেনি।
হাইকোর্ট ওই রিটের শুনানি নিয়ে আদেশ পাওয়ার ১০ দিনের মধ্যে বিষয়টি কমিশনকে নিষ্পত্তি করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি হয়।