‘সরকারের সদিচ্ছা থাকলে সকালে সিদ্ধান্ত হয়, বিকেলে অর্ডিন্যান্স জারি হতে দেখা যায়। জুডিশিয়ারির (বিচার বিভাগের) বেলায় যত কষ্ট, অন্য জায়গায় কষ্ট হয় না। আদালতে সবাইকে আসতে হয়। ক্ষমতা থাকলেও লাগে, না থাকলেও লাগে।’গতকাল সোমবার অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতাসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতিসংক্রান্ত শুনানিতে আপিল বিভাগ এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়। আদালত আজ মঙ্গলবার আদেশ দেবেন বলে জানান। গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করা হয়। পরে আপিল বিভাগ কিছু সংশোধনের কথা উল্লেখ করে ১৫ এপ্রিল অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে দেন।সকালে শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘একটি আবেদন দাখিল করা হবে।’ অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে আদালত বলেন, ‘আপনারা আদালতের আদেশ শুনবেন না। যেকোনো দিন আবেদন ফাইল করতে পারতেন। প্রয়োজনে সময় চাইতে পারতেন। সরকারের সদিচ্ছা থাকলে সকালে সিদ্ধান্ত হয়, বিকেলে অর্ডিন্যান্স জারি হতে দেখা যায়। আদালতের প্রতি এ ধরনের মনোভাব সহজভাবে নেওয়া যায় না। আপনারা আদালতের আদেশ বাস্তবায়ন করেননি।’ পরে আদালত বলেন, আজ (সোমবার) আবেদন করবেন। কাল (মঙ্গলবার) আদেশের জন্য রাখা হলো।মাসদার হোসেন মামলার কৌঁসুলি জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, ‘সংবিধানের ১১৩, ১১৪, ১১৫ ও ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের বিষয়ে বলা আছে। মাসদার হোসেনের মামলার রায়ে তা প্রতিষ্ঠিত হয়েছে। তাই জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ মানা বাধ্যতামূলক। পরে আবেদনের বিষয়ে জানতে চাইলে মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘সময় চেয়ে আবেদন করার কথা। আদালত মঙ্গলবার আদেশের জন্য রেখেছেন।’প্রসঙ্গত মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে বিচার বিভাগ। পরে এর জন্য কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই সুপারিশ বাস্তবায়নের নির্দেশ ও সময় দেওয়া হয়। কমিশনের সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিৎসা, পোশাক ভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও বলা হয়। গত ১৪ মার্চ বিচারকদের জন্য একটি বেতনকাঠামো আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই দিন আদালত কিছু সংশোধনের কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করতে বলেন।