শুনানিতে সাত অ্যামিকাস কিউরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় আসনে একক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার বিধান প্রশ্নে রুল শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে সাতজনের নাম ঘোষণা করেছেন হাইকোর্ট। তাঁরা হলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, মওদুদ আহমদ, রোকনউদ্দিন মাহমুদ ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বুধবার এই সাতজনের নাম ঘোষণা করেন।
কোনো সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণাসংক্রান্ত গণ-প্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম গত ১৭ ডিসেম্বর রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। রুলে ওই ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
রিট আবেদনকারীর আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, অবকাশ শেষে ১ এপ্রিল বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।