শুনানির অপেক্ষায় আরও পাঁচ +আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের কার্যক্রম শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের আরও পাঁচটি আপিল মামলা শুনানির অপেক্ষায় রয়েছে।
গত সোয়া এক বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ নয়টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে সাতটি মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হয়েছে। দুটি মামলার আসামিরা পলাতক থাকায় এগুলোতে আপিল হয়নি। সাতটির মধ্যে এ পর্যন্ত নিষ্পত্তি হওয়া একমাত্র আপিলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। গতকাল বুধবার সাঈদীর আপিল মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রেখেছেন আপিল বিভাগ।
বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেখা যাচ্ছে, একটি মামলার আপিল শুনানি শেষ হলে আরেকটির আপিল শুনানি শুরু হচ্ছে। সে অনুসারে, এরপর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপি নেতা আবদুল আলীমের আপিলের শুনানি হবে। এভাবে একটির পর একটি আপিল নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, সব আপিলের সারসংক্ষেপ জমা দেওয়া আছে। এখন আরেকটি আপিলের শুনানি শুরু হবে। দেখা যাক, কোনটি শুরু হয়।
গত বছরের ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে তাঁর ফাঁসির দাবিতে তরুণ প্রজন্ম শাহবাগে আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের একপর্যায়ে ১৭ ফেব্রুয়ারি দুই পক্ষকে আপিলের সমান সুযোগ দিয়ে জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সংশোধনী পাস হয়। এরপর দুই পক্ষই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে। ১ এপ্রিল আপিলের শুনানি শুরু হয়। ৩৯ কার্যদিবস শুনানি শেষে ২৩ জুলাই ওই আপিলের রায় অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ। ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এবং ১২ ডিসেম্বর সাজা কার্যকর হয়। ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকে সাজা কার্যকর হওয়া পর্যন্ত সময় লাগে প্রায় ১১ মাস।
ট্রাইব্যুনালে সাঈদীর রায় ঘোষণার পর বছর পেরিয়ে গেছে। ২০১৩ সালের ২৮ মার্চ সাঈদী ও রাষ্ট্রপক্ষ আপিল করে, শুনানি শুরু হয় কাদের মোল্লার রায় ঘোষণার পর, ২৪ সেপ্টেম্বর। বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নভেম্বর-ডিসেম্বরে টানা হরতাল-অবরোধে আসামিপক্ষের আইনজীবীরা আপিল বিভাগে অনুপস্থিত থাকায় শুনানি শেষ হতে দেরি হয়েছে।
জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করি, দ্রুততম সময়ে জমে থাকা আপিলগুলো নিষ্পত্তির জন্য আপিল বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দেবেন। বিচারসংশ্লিষ্ট প্রত্যেককে বুঝতে হবে, এগুলো সাধারণ খুন, চুরি বা ডাকাতির মামলা নয়। গোটা জাতি ও ৩০ লাখ শহীদের পরিবার এসব মামলার দিকে তাকিয়ে আছে।’