শুনানির দিন পরিবর্তন চেয়ে আবেদনের শুনানি ২৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর আগামী ২৭ নভেম্বর ধার্য করা শুনানির দিন পরিবর্তন চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুদকের এই আবেদন ২৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।

ওই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট গত ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। এ আদেশের বিরুদ্ধে ৭ জুলাই লিভ টু আপিল করেন তিনি। এই লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করার জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন জানালে ১৪ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি ২৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। এই তারিখ পরিবর্তন চেয়ে ১৬ অক্টোবর দুদক আবেদন করে।

এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ অক্টোবর নিম্ন আদালতে দিন ধার্য রয়েছে।