শুনানির দিন পরিবর্তন বিষয়ে আদেশ ২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের ওপর (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ধার্য শুনানির তারিখ পরিবর্তন চেয়ে দুদকের করা আবেদনের ওপর রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।

ওই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে ৭ জুলাই তিনি লিভ টু আপিল করেন। এ আবেদনের শুনানির দিন ধার্যের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন জানালে ১৪ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি ২৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেন।
তবে এই তারিখ এগিয়ে আনার জন্য ১৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১৯ অক্টোবর চেম্বার বিচারপতি আবেদনটি ২৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
এর ধারাবাহিকতায় আজ আবেদনের ওপর শুনানি হয়। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন শুনানি করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ছাড়া খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মাহবুবউদ্দিন খোকন, এম বদরুদ্দোজা, রুহুল কুদ্দুস কাজলসহ প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, লিভ টু আপিলের ওপর শুনানির জন্য তারিখ এগিয়ে আনার জন্য আবেদনটি করা হয়। আপিল বিভাগ ২৬ অক্টোবর আদেশের দিন ধার্য করেছেন। ওই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ক্ষেত্রে খালেদা জিয়ার করা অপর দুটি আবেদনও তালিকায় আসবে। ওই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ অক্টোবর নিম্ন আদালতে দিন ধার্য রয়েছে।