নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) ‘ডাকাত সাজিয়ে’ পিটিয়ে হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের ওপর আগামী ৫ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের বিচারক সমরেশ কুমার শীল মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালতের বেঞ্চ সহকারী মতিউর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই দিন বাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি হবে।
২০১১ সালের ২৭ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া এলাকায় মিলনকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ গাড়িতে করে এনে জনতার হাতে এই কিশোরকে ছেড়ে দেয়। সেখানে পুলিশের উপস্থিতিতেই তাকে হত্যা করা হয়। পুরো ঘটনার ভিডিও চিত্র প্রকাশিত হলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।
হত্যা মামলার বাদী মিলনের মা কোহিনূর বেগম। তদন্ত শেষ করতে ৫২ বার আদালত থেকে সময় নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তারা। এটিকে বিচার দীর্ঘায়িত করার কৌশল বলে অভিযোগ করেছেন মিলনের মা।
মামলা না চালাতে বাদীর পরিবারকে অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তা পাঁচ লাখ টাকা দিয়েছেন। তাঁর ছোট ছেলেকে পুলিশে চাকরি দেওয়া এবং মিলনের বাবাকে বিদেশে পাঠানোরও লোভ দেখিয়েছে পুলিশ। এ অবস্থায় গত ২৪ ডিসেম্বর বাদী আদালতে ‘এজাহারনামীয় ও সন্দিগ্ধ ধৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ নাই; আসামিরা অভিযোগের দায় হইতে মুক্তি পাইতে ও চূড়ান্ত নিষ্পত্তিতে কোনো আপত্তি নাই ও থাকিবে না’ মর্মে আবেদন করেন।
পুলিশের এই ভূমিকা নিয়ে গত ২৭ জুলাই প্রথম আলোয় ‘বিচার মাটিচাপা দিল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।