পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য শুনানির বিজ্ঞপ্তি জারি করায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। এ বিজ্ঞপ্তি প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুমকি দিয়েছে তারা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন কাল মঙ্গলবার ও পরশু বুধবার ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য শুনানির বিজ্ঞপ্তি জারি করে। শুনানিতে অংশ নিতে খাগড়াছড়ি শহরের কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে খাগড়াছড়ি জেলার পাঁচটি উপজেলার ৪৫ ব্যক্তিকে চিঠি পাঠানো হয়েছে। চেয়ারম্যানের একক সিদ্ধান্তে শুনানির চিঠি পাঠানো হয়েছে বলে কমিশনের একটি সূত্রে জানা গেছে।পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব আবদুল হামিদ শুনানি বিজ্ঞপ্তি জারির বিষয়টি নিশ্চিত করেন। পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের রেজিস্ট্রার আবু হানিফের স্বাক্ষরিত চিঠিতে ২৮ ফেব্রুয়ারি দীঘিনালা উপজেলার ১০ জন, খাগড়াছড়ি সদরের তিনজন, পানছড়ি উপজেলার ১০ জন ও মহালছড়ি উপজেলার ১০ জন এবং ২৯ ফেব্রুয়ারি সদর উপজেলার সাতজন ও মানিকছড়ি উপজেলার পাঁচজনকে শুনানিতে ডাকা হয়েছে।এর আগে ২০১০ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর শুনানির জন্য তারিখ নির্ধারণ করে বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি পাঠানো হয়। ওই সময় বিভিন্ন সংগঠনের আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে তা বন্ধ ঘোষণা করা হয়। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, কমিশনের আইন সংশোধন না করে ভূমিবিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। শুনানি শুরু করা হলে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির অবনতি ঘটবে বলে উল্লেখ করেন তিনি। ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বলেন, এ সিদ্ধান্ত বাতিল করা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তির বিজ্ঞপ্তি জারিসহ কমিশনের বর্তমান চেয়ারম্যানের সব কার্যক্রম অবৈধ। কারণ পূর্ণাঙ্গ কমিশনের সিদ্ধান্ত ছাড়াই একক সিদ্ধান্তে তিনি এসব করছেন। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ফোন ধরেননি।