শুভ কামনায় বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষের প্রথম দিন বাঙালিদের জন্য একটি শুভদিন। তাই এ দিনে শুভ কামনা করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈশাখী মেলাও নতুন বছরকে বরণ করে নেওয়ার একটি অন্যতম উৎসব। এ উৎসবে ঘটা করে বাঙালি সংস্কৃতি ও পণ্যের প্রচার ও প্রকাশের সুযোগ মেলে। আর এতে অংশ নিয়ে মানুষ বাঙালি হওয়ার সার্থকতা খুঁজে পায়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছিল পঞ্চগড় শহর। এদিনে শহরজুড়েই বসেছিল উৎসবের মেলা। যেদিকে চোখ যায় শুধু মানুষের ঢল। সকালে দিনের প্রথম প্রহরে ঢাক, ঢোল ও বাঁশি বাজিয়ে বছরকে বরণ করে নিতে কালেক্টরেট চত্বরে জড়ো হতে থাকে সর্বস্তরের মানুষ। জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ছিল বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে কয়েক দিন আগ থেকে শুরু হওয়া মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা জমে ওঠে। বিশেষ করে বিকেলে মেলায় দর্শনার্থীদের ভিড়। বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন স্টলে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরুন বেগম বলেন, ‘বৈশাখ আমাদের একটি সর্বজনীন উৎসব। এ উৎসব ঘিরে মিলনায়তন চত্বরে যে মেলার আয়োজন করা হয়েছে, তা মিলনমেলায় পরিণত হয়েছে।’ তিনি নিজেও বৈশাখী সাজে ঘুরেছেন সারা দিন। মেলার একপাশে রয়েছে নাগরদোলা। নাগরদোলায় উঠতে শিশুদের আগ্রহের কমতি ছিল না। মসজিদপাড়ার নবদম্পতি মকবুলার রহমান ও হাসনাহেনাও এসেছেন বৈশাখী সাজে। তাঁরা জানান, তাঁরা সারা দিন ঘুরেছেন। খুব মজা করেছেন। চাঁপাইনবাবগঞ্জ: কেউ এসেছে চুলের খোঁপায় জবাফুল গেঁথে। কেউবা গেঁথেছে ফুলসহ নিমের কচিপাতা। এ রকমের ব্যতিক্রমধর্মী ও বর্ণিল সাজেই সেজেছিল আদিবাসী নারীরা। পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তাঁদের মধ্যে উচ্ছলতা। পুরুষেরা তাঁদের আদিবাসী পোশাকে ও বাদ্যযন্ত্র নিয়ে নববর্ষ উদ্যাপন করেছেন। সবাই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঝালপুকুর গ্রামে চড়কমেলায় সমবেত হয়েছিল। আদিবাসীরা সারা দিন মেলায় থেকে মিঠাই-মণ্ডা ও নানা খাদ্যদ্রব্য কিনে খায়। বাড়িতে নিয়ে যাওয়ার জন্যও কেনে। কেনে আলতা, চুড়ি, ফিতা, ছোটদের খেলনা, দা, বঁটি, হাঁসুয়া, সংসারের প্রয়োজনীয় নানা জিনিস। পড়ন্ত বিকেলে চড়ক ঘোরানোর পর মেলা শেষে তারা বাড়ি ফিরে যায়। চড়ক ঘোরানোর স্থানে চলে নাচ-গান। মানুষকে বড়শিতে গেঁথে নয়, এখানে চড়ক ঘোরানো হয় মানুষকে গামছায় বেঁধে।মেলা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ঝালপুকুর গ্রামের স্কুলশিক্ষক সুবোধ কুমার মাহাতো জানান, এ মেলা হচ্ছে একটি প্রাচীন মেলা। লালমনিরহাট: লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে রত্নাই নদীর পারে ১ নম্বর দুরাকুটি। এ গ্রামে ধান আর ভুট্টাখেতের মাঝখানে চার একর জমিতে সপ্তমবারের মতো বসেছিল ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। ‘পাগলা জাহাঙ্গীরের বৈশাখী মেলা’ নামে পরিচিত এ মেলার অভিনব ব্যবস্থাপনার জন্য সারা জেলায় এর সুনাম ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমান্য ব্যক্তিদের তত্ত্বাবধানে সাপ্টিবাড়ী, মোগলহাট, ভেলাবাড়ী ও দুর্গাপুর ইউনিয়নের ১২০ জন কলেজশিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে মেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৪১৯ বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে এদিন সকাল সাড়ে আটটায় স্থানীয় ১ নম্বর দুরাকুটি কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৈশাখী শোভাযাত্রা বের হয়। মেলা উপলক্ষে এখানে হাডুডু, লাঠিখেলা, জাদু প্রদর্শন, যৌতুকবিরোধী নাটিকা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার আয়োজক জাহাঙ্গীর আলম (৩৫) বলেন, ‘শিশুসহ সব বয়সের মানুষের হূদয়ে বাঙালি চেতনার বীজ বুনতে ১৪১২ সন থেকে এলাকাবাসীর সহায়তায় এ মেলার আয়োজন করে আসছি।’ এ বছর এ মেলায় দেড় শতাধিক দোকান বসেছিল।