শুভ জন্মদিন, তাহমিদ

২০১৫ সালের ২৯ জুন। এফ-৭ যুদ্ধবিমানে করে ঘাঁটি থেকে আকাশে ওড়েন ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদ। বেলা ১১টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাড়ে ১১টার দিকে বিমানটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এরপর সাগরে শুরু হওয়া নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডের তল্লাশি অভিযানের পর বিমানের দুটি পাখার সন্ধান মিললেও নিখোঁজ পাইলটের খোঁজ মেলেনি। পরিবার আশায় আছে, ফিরবেন তাদের সন্তান।
আজ ৫ মার্চ, রুম্মান তাহমিদের ২৬ তম জন্মদিন। ১৯ ৯০ সালের ৫ মার্চ কক্সবাজারের একটি হাসপাতালে জন্ম তাহমিদের। চার ভাইবোনের মধ্যে বড় তাহমিদ কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৬ সালে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি পাস করে বিমানবাহিনীতে যোগ দেন। বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল কাদের চৌধুরী। মা মর্জিনা বেগম গৃহিণী।
সন্তানকে ফিরে পাওয়ার আশায় থাকা মা মর্জিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরো পরিবার রুম্মানের অপেক্ষায় আছি। আমার ছেলে ফিরে আসবে। দেশবাসীর কাছে আমার ছেলের জন্য দোয়া চাইছি। সে যেখানেই থাকে যেন সুস্থ থাকে এবং মায়ের কাছে ফিরে আসে।’ মর্জিনা বেগম বলেন, বিমানবাহিনীতে থাকা তাহমিদের বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও বিমানবাহিনী কর্তৃপক্ষ এখনো অনুষ্ঠানিকভাবে তাহমিদের ব্যাপারে কোনো কিছু পরিবারকে জানায়নি।