শুভ জন্মদিন তোফা ও তহুরা
দেখতে দেখতে কেটে গেল একটা বছর। জন্মের পর থেকে দুই মেয়েকে নিয়ে শঙ্কা ছিল। উদ্বেগে আর উৎকণ্ঠায় দিন কেটেছে মা-বাবার। সেই কঠিন সময় পার হয়ে গেছে। এখন তাদের ঘরে চাঁদের আলো। জন্মদিনে বসেছে আনন্দের হাট।

জমজ বোন তোফা-তহুরার আজ শুক্রবার জন্মদিন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে তাদের নানাবাড়িতে সকাল থেকেই ব্যস্ততা। ঘর গুছিয়ে ফেলেছেন মা সাহিদা বেগম। তোফা ও তহুরাকে নতুন জামা পরিয়েছেন। হাতে চুড়ি, কপালে লালটিপ, চোখে কাজল। গোলাপি জামায় যেন দুটি ফুটন্ত গোলাপ ফুল।
সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছে প্রতিবেশীরা। বাবা রাজু মিয়া আর নানা শহিদুল ইসলাম তাদের আপ্যায়নে ব্যস্ত।

মা সাহিদা বেগম বললেন, ‘আচকে ওদের জন্মদিন, আপনেরা সবাই দোয়া করবেন, হামার দুই সন্তান যেন সুস্থ থাকে’। বাবা রাজু মিয়া বললেন, ‘প্রথমে শঙ্কায় ছিলাম। একবছর কেটে গেছে, এখন ভালো লাগছে। চিকিৎসকদের চেষ্টা আর আল্লাহর রহমতে ওরা ভাল আছে’।

গত বছরের ২৯ সেপ্টেম্বর পিঠের থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল তোফা-তহুরা। গাইবান্ধার এই শিশুদের এ বছরের ১ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। সরকারিভাবে তাদের চিকিৎসার ব্যয় বহন করা হয়। তারা যেভাবে জোড়া লাগানো ছিল চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’। বাংলাদেশে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটি প্রথম। এর আগে অন্যান্য হাসপাতালে অন্য ধরনের জোড়া লাগানো শিশুদের অস্ত্রোপচার করে আলাদা করা হয়।
গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে গাইবান্ধায় ফেরে তোফা ও তহুরা। দীর্ঘদিন হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ছিল তারা। নানার বাড়িতে বিদ্যুৎ নেই। তাই বাড়ি ফেরার পর তারা গরমে কষ্ট পাচ্ছিল। গত ১২ সেপ্টেম্বর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের নানার বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
তোফা ও তহুরার প্রথম জন্মদিন উপলক্ষে আজ বিকেলে তাদের নানার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা গাইবান্ধা কমিটি। বন্ধুসভার সদস্যরা বিকেলে তাদের জন্মদিনের কেক কাটবে।
আরও পড়ুন ...
বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তোফা ও তহুরা