শুভ জন্মাষ্টমী আজ, বিকেলে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি বা জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে বেলা তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে। শেষ হবে বাহাদুর শাহ পার্কে। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়-নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আয়োজকেরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞ হবে। বিকেলে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শোভাযাত্রা। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী থেকে পলাশী হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার গুলিস্তান হয়ে নবাবপুর দিয়ে বাহাদুর শাহ পার্কে শেষ হবে।