শুভ দীপাবলি ও শ্যামাপূজা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের হিন্দু, শিখ ও জৈনধর্মাবলম্বীরা আজ মঙ্গলবার সন্ধ্যায় সহস্র প্রদীপ জ্বালিয়ে শুভ দীপাবলি উৎসব উদ্যাপন করবেন। এ ছাড়া হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হবে আজ।দীপাবলি অর্থ আলোর উৎসব। অশুভ-অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদ্যাপন করা হয়। সুখ, শান্তি, জ্ঞান ও সম্পদ দেওয়ার জন্য এই উৎসবের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।প্রাচীন প্রথা অনুসারে দীপাবলির সন্ধ্যায় তেল দিয়ে সহস্র মাটির প্রদীপ জ্বালানো হয়। এখনো অনেক স্থানে এই প্রথা চালু আছে। তবে বর্তমানে শহরাঞ্চলে অনেকে তেলের প্রদীপের পরিবর্তে মোমবাতি ব্যবহার করেন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ বিকেল সাড়ে পাঁচটায় সহস্র প্রদীপ জ্বালানো হবে। সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরের দিঘির পাড়জুড়ে সন্ধ্যায় পাঁচ সহস্রাধিক প্রদীপ জ্বালানো হবে। এই মন্দিরে ফানুস ওড়ানো ও ঘণ্টাব্যাপী আতশবাজি পোড়ানো হবে।এ ছাড়া রাজধানীর বিভিন্ন মন্দির ও শ্মশানে আজ মধ্যরাতে শক্তির প্রতীক শ্যামাপূজা বা কালীপূজা করা হবে। বরদেশ্বরী কালীমাতা মন্দিরে রাত ১২টা এক মিনিটে কালীপূজা শুরু হবে। পূজার হোম, যজ্ঞ ও অঞ্জলি দেওয়া শেষে প্রসাদ বিতরণ করা হবে।