শুভ বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত
পৃথিবীর সব প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনা করার মধ্য দিয়ে গতকাল রোববার বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হয়েছে। এই দিনে বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও নির্বাণ ঘটেছিল। দিনটি উপলক্ষে ঢাকায় বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, প্রাতরাশ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রাঙামাটির রাজবন বিহারে যথাযোগ্য মর্যাদায় শুভ বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হয়।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু রামু সীমা বিহার, কক্সবাজারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যপ্রিয় মহাস্থবির, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এবং জাপান, ভিয়েতনাম, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। রাষ্ট্রপতি অতিথিদের সঙ্গে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। প্রভাতফেরি শেষে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের শোভাযাত্রা হয় সকাল আটটায়। শোভাযাত্রা জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বুড্ডিস্ট ফেডারেশন। মিরপুরে শাক্যমুণি বৌদ্ধবিহারেও দিনব্যাপী পিণ্ডদান, ধর্মালোচনা, শীল গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।রাঙামাটি: রাঙামাটির রাজবন বিহারে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় বৌদ্ধধর্মীয় সাধকদের পক্ষ থেকে শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরকে বনভান্তের শিষ্য সংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে রাঙামাটি রাজবন বিহার আবাসিক প্রশাসনিক বোর্ডের সমন্বয়কারী শ্রীমৎ আনন্দমিত্র স্থবিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের বৌদ্ধসাধকদের (ভিক্ষু সংঘ) সর্বসমঞ্চতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩০ জানুয়ারি ‘বনভান্তে’ নামে খ্যাত বৌদ্ধধর্মীয় সাধক ও রাঙামাটির রাজবন বিহারের অধ্যক্ষ সাধনানন্দ মহাস্থবিরের মহাপ্রয়াণ ঘটে।এর আগে সকাল আটটায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের একটি ধর্মীয় শোভাযাত্রা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চত্বর থেকে রাজবন বিহার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। পরে সকাল সাড়ে নয়টায় রাজবন বিহার মাঠে ধর্মীয় সভার আয়োজন করা হয়।সংশোধনী: গতকালের প্রথম আলোর একটি সংস্করণে ‘আজ শুভ বুদ্ধপূর্ণিমা’ শিরোনামের প্রতিবেদনে আজ রোববারের পরিবর্তে মঙ্গলবার ছাপা হয়। এই ভুলের জন্য আমরা দুঃখিত।