শুভ বুদ্ধপূর্ণিমা পালিত

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা গতকাল শনিবার পালিত হয়েছে। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই তিন ঘটনার স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব জায়গার বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।
বৌদ্ধ ধর্ম অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার আরেক নাম বুদ্ধপূর্ণিমা। গতকাল থেকে ২৫৬০ বুদ্ধবর্ষ শুরু হয়। দিনটি উপলক্ষে ছিল সরকারি ছুটি।
যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গতকাল এ ধর্মীয় উৎসব উদ্যাপন করে দেশের বৌদ্ধ সম্প্রদায়। বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ নাগরিকদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। সেখানে সকাল ১০টায় হয় বুদ্ধপূজা ও সংঘদান এবং সন্ধ্যায় বিশেষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জয়।
বাসাবো সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সকালে প্রভাতফেরির আয়োজন করে। এ ছাড়া সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হয়।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বুদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাও দিনটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।