শুভ মহালয়া উদ্যাপিত
রাজধানীসহ সারা দেশে গতকাল শুক্রবার দেবী দুর্গার আবাহন—শুভ মহালয়া উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গতকাল সকাল সোয়া নয়টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার ঘট বসানো হয়। বেলা সাড়ে ১১টায় মহালয়া পূজা শেষ হয়।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই মহালয়া। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, চণ্ডীপাঠ ও ভক্তিমূলক সংগীত দিয়ে গতকাল দেবীকে স্মরণ করা হয়। তিনি জানান, এ বছর দেশে ২৯ হাজার ৩৯৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপ চট্টগ্রামে।
শারদীয় দুর্গোত্সব উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ প্রতিবছরের মতো এবারও শুভ মহালয়ার দিনে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে।