শুভদিনের আহ্বানে নানা আয়োজনে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশুভ ও অমঙ্গলকে বিতাড়িত করে শুভদিনের সূচনার আহ্বান জানানোর মধ্য দিয়ে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪২২। এ উপলক্ষে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: রাজশাহীতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে গত মঙ্গলবার মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর নগরের বিনোদনকেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সকাল ছয়টায় নগরের আলুপট্টি এলাকায় পদ্মা নদীর ধারে গানে গানে বর্ষবরণের আয়োজন করে। এরপর বঙ্গবন্ধু চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এবং বিকেলে নগরের ভুবনমোহন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে সাতটায় রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। আর রাজশাহী শিশু একাডেমী চত্বরে দিনব্যাপী রক্তদান কর্মসূচি, আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিভিন্ন বিভাগ ও সংগঠনের উদ্যোগে সকালে ক্যাম্পাসে একে একে বের হয় মঙ্গল শোভাযাত্রা। প্রথমবারের মতো এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগেও সকাল নয়টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের মূল আকর্ষণ চারুকলা বিভাগ থেকে বের হওয়া বৃহৎ মঙ্গল শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনও করে চারুকলা বিভাগ। সকালে নাট্যকলা বিভাগের উদ্যোগে শোভাযাত্রার পাশাপাশি বিকেলে ভাওয়াইয়া গান, গম্ভীরা, নাটিকাসহ বিভিন্ন আয়োজন করা হয়।

পাবনা: ভোর ছয়টায় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে শহরের টাউন গার্লস হাইস্কুল মাঠে গানে গানে সূর্যোদয়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ, ইউনিভার্সাল গ্রুপ ও নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহরে মঙ্গল শোভাযাত্রা করে। শোভাযাত্রাগুলোতে অশুভ ও অমঙ্গলকে বিতাড়িত করে শুভদিনের সূচনার আহ্বান জানানো হয়। সকালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হয় বৈশাখী মেলা ও রুচি বৈশাখী উৎসব।

 চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর আদিবাসী গ্রামের মানুষেরা প্রথমবারের মতো বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে আশপাশের আদিবাসী ও বাঙালি গ্রামের মানুষেরাও অংশ নেয়। গ্রামের পথে শোভাযাত্রা, আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গান ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করা হয়।  জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি বিচিত্রা তিরকীর নেতৃত্বে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের পান্তা-ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়। এতে সহায়তা করেন দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং গোমস্তাপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হান্নান।

পঞ্চগড়: কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য ও বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সেখানে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা হয়। এখানে পৌরসভা পান্তা উৎসব, পিঠা উৎসব, লাঠি খেলা, বানর খেলা, সাপ খেলা, হাডুডু খেলার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শিশু একাডেমীর উদ্যোগে গতকাল বুধবার থেকে শিশু একাডেমী চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও শিশু নাট্য প্রতিযোগিতা। মিলনায়তন চত্বরে ভাষাসৈনিক আবদুল কাদের স্মৃতি সংসদ ঘুড়ি উৎসবের আয়োজন করে।

গাইবান্ধা: জেলা প্রশাসন, গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণউন্নয়ন কেন্দ্র, জেলা সিপিবি, উদীচী শিল্পীগোষ্ঠী, গাইবান্ধা পৌরসভা, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলাসহ বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। প্রথম আলো বন্ধুসভা গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল ও কলেজ মাঠে গোল্লাছুট, কানামাছি, মোরগের লড়াই খেলার আয়োজন করে। শহরের স্বাধীনতা প্রাঙ্গণে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এ ছাড়া জেলা উদীচী নিজস্ব কার্যালয় চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর পার্কের শহীদ মিনারে কবি ইবনে সিরাজের সভাপতিত্বে জাতীয় কবিতা পরিষদ আলোচনা সভার আয়োজন করে। পৌর পার্কে রক্তদান কর্মসূচির আয়োজন করে সন্ধানী ডোনার ক্লাব।

কুড়িগ্রাম: মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও এনজিও অংশগ্রহণ করে। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমী নিজ মাঠে ও সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ পুরোনো পোস্ট অফিস পাড়ায় ভোর থেকে বর্ষবরণ গান পরিবেশন করে।