একুশ শতকে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। একদিকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণ, অন্যদিকে জঙ্গি মৌলবাদী ধ্যান-ধারণা ও সন্ত্রাসী কার্যকলাপ এই দেশগুলোর অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। শুভবুদ্ধির উদ্রেক না হলে এসব দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। লেখক ও সংস্কৃতিসেবী সেলিনা বাহার জামান স্মারক বক্তৃতা ২০১৩-তে এসব কথা বলেছেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এই স্মারক বক্তৃতার আয়োজন করে সেলিনা বাহার জামান স্মৃতি পরিষদ।
অষ্টমবারের মতো আয়োজিত এই স্মারক বক্তৃতায় ‘বিশ শতকের পৃথিবী ও চিন্তা-চেতনার বিবর্তন’ বিষয়ে বক্তৃতায় রফিকুল ইসলাম বলেন, বিশ শতক ছিল মহাযুদ্ধের শতক। এই শতকের প্রথমার্ধেই দুটি মহাযুদ্ধ সংঘটিত হয়। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয় আণবিক অস্ত্রের পরীক্ষার মাধ্যমে, যা বিশ শতককে অমানিশার মধ্যে ঠেলে দিয়েছে। বিশ শতকে আরও যেসব আঞ্চলিক যুদ্ধ হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান-ভারত যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যুগোস্লাভিয়ায় বসনিয়া-হারজেগোভিনা ও কসোভোর যুদ্ধ। রফিকুল ইসলাম আরও বলেন, একুশ শতকে পৃথিবীতে বুদ্ধিবৃত্তির চর্চা ও বিকাশ যে ধারায় ঘটেছে, তা বিশ শতকের থেকে আলাদা। বিশ শতকে বিভিন্ন প্রগতিশীল ও মানবতাবাদী চিন্তা-চেতনার যে প্রসার ঘটেছিল, একুশ শতকে সে স্থান গ্রহণ করেছে তথ্যপ্রযুক্তির প্রভুত্ব। মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশের চেয়ে তথ্যপ্রযুক্তির দাসত্ব বর্তমান পৃথিবীর নিয়ম। আগে যন্ত্র মানুষের দাস ছিল। এখন মানুষ যন্ত্রের দাসানুদাস। ফলে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ তথ্যপ্রযুক্তির মহাসড়কের পথেই ধাবিত। মানুষের মুক্তবুদ্ধির চিন্তার ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে আসছে।
স্মারক বক্তৃতার পর সেলিনা বাহার জামান স্মৃতি পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এই শতকে চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞানবিজ্ঞানের অনেক বিকাশ হয়েছে। পৃথিবী শান্তির পথে অনেক অগ্রসর হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই লক্ষ্যেই বিশ্বনেতারা কাজ করেছেন। তিনি বলেন, ‘আমরা পাশ্চাত্য থেকে তথ্য ও অন্যান্য প্রযুক্তি নেব। তবে যা নিচ্ছি, তা যেন দেশের উপযোগী হয় এবং দেশের মানুষ যেন প্রতারিত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’
স্মারক বক্তৃতার আগে সেলিনা বাহার জামানের বোন নাসরিন শামস ‘আনন্দ লোকে মঙ্গলালোকে’ রবীন্দ্রসংগীতটি পরিবেশন করেন।