শুভরাড়া দক্ষিণ আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সম্পন্ন
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া দক্ষিণ আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে পরিদর্শন করেছেন যশোরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও)। গত বুধবার তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
সাড়ে তিন বছর আগে এস আর শুভরাড়া-রানাগাতী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ পার্শ্ববর্তী শুভরাড়া দক্ষিণ আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়টির ভবন ভেঙে গুঁড়িয়ে দেয়। এর পর থেকে শুকনো মৌসুমে খোলা মাঠে এবং বর্ষাকালে পাশের ইটের রাস্তার ওপর এর শিক্ষা কার্যক্রম চলছিল।
গত ২ ডিসেম্বর প্রথম আলোতে ‘শুভরাড়া দক্ষিণ আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়, খোলামাঠে পড়ার লড়াই’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত ২৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) বরাবর পাঠানো হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নূরুল আমিন চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে সাত দিনের সময় বেঁধে দিয়ে প্রকাশিত সংবাদের সরেজমিন যাচাই করে সুস্পষ্ট মতামতসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর বুধবার যশোরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) জাহাঙ্গীর আলম বিদ্যালয়টি পরিদর্শন করেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম বলেন, ‘বিদ্যালয়টি পরিদর্শনের পর তদন্ত কর্মকর্তাকে আমরা সব কাগজপত্র দিয়েছি।’
যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) তপন কুমার অধিকারী মুঠোফোনে বলেন, বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন ও কাগজপত্রের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে দ্রুত জমা দেওয়া হবে।