
প্রথম আলো একটি আলোকবর্তিকা। যার মাধ্যমে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হচ্ছে। এ দৈনিকটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। একটি পত্রিকা যে সমাজের সব শ্রেণির মানুষের নির্ভরতার জায়গা হতে পারে, তা প্রথম আলো প্রমাণ করেছে। প্রথম আলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক যুগ যুগ।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশের ৮৭টি জায়গায় গতকাল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব কর্মসূচি পালনে সহায়তা করে প্রথম আলো বন্ধুসভা।

বক্তারা বলেন, প্রথম আলো দলনিরপেক্ষ কাগজ। এ দৈনিকটি সূর্যের কিরণের মতো জ্ঞানের আধার। নারী শক্তিকে জাগ্রত করে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে প্রথম আলো পড়তে হবে।
বক্তাদের আশা, প্রথম আলো মানুষের ইতিবাচক উদ্যোগ আরও বেশি করে তুলে ধরবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে থাকবে অবিচল। অপশক্তির বিরুদ্ধে শুভশক্তিকে জাগিয়ে তুলবে।
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, নোয়াখালী, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর ও পটিয়ায় গতকাল শোভাযাত্রা ও মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনে প্রথম আলোর পাঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সব বয়সের মানুষ অংশ নেন।

চট্টগ্রাম: প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে গতকাল বিকেলে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা। এর আগে নগরের গোলপাহাড় মোড় থেকে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ঢোল, বাঁশিসহ বিভিন্ন বাদ্য বাজিয়ে শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘অসাম্প্রদায়িক দেশ গঠনে প্রথম আলো ভূমিকা রেখে চলছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীনের মতো কবি রয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রথম আলো। আমাদের এগিয়ে যেতে হবেই।’
শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বলেন, আজকে তরুণদের যে অগ্রযাত্রা তার পেছনে প্রথম আলোর অনেক অবদান রয়েছে।
অধ্যাপক তাপসী ঘোষ রায় বলেন, অপশক্তির বিরুদ্ধে শুভশক্তিকে জাগিয়ে তোলার কাজ করে যাক প্রথম আলো এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুমন গাঙ্গুলি ও পাঠক তাসনুভা আকবর। সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বন্ধুসভা চট্টগ্রামের সাহিত্য সম্পাদক সঞ্জয় বিশ্বাস। শেষে বন্ধুসভার সদস্যরা সংগীত পরিবেশন করেন।
কক্সবাজার: শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল বিকেলে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। বক্তব্য দেন আবু তাহের, প্রিয়তোষ পাল, মো. আয়াছুর রহমান, মো. নজিবুল ইসলাম, ফজলুল হক, মিঠুন চক্রবর্তী, আবুল কাশেম, বিশ্বজিৎ পাল, দীপক শর্মা, শামীম আকতার, ইভানা পাপড়ি, মহিউদ্দিন, কাজী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইব্রাহিম খলিল। এর আগে শহরের প্রধান সড়কে বন্ধুসভার সদস্যরা আনন্দ শোভাযাত্রা বের করে। গান শোনান পলি চৌধুরী, জিন্নাত আরা ও প্রিতম দে।

রাঙামাটি: বিকেলে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। এতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, মানবাধিকার রক্ষায় সব সময় সচেতন প্রথম আলো। আরও বক্তব্য দেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, মুজিবুল হক, অঞ্জুলিকা খিসা, টুকু তালুকদার, সাখাওয়াৎ হোসেন, প্রসেনজিৎ চাকমা, সুস্মিতা চাকমা, উচাচিং মারমা ও ফিফা চাকমা। পরে গান শোনান কাউন্সিলর কালায়ন চাকমা, অনামিকা দে, প্রসেনজিৎ দেব ও শিশুশিল্পী তাগাশিব চাকমা।
এর আগে বিকেল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে বন্ধুসভার সদস্য ও তরুণ পাঠকদের শোভাযাত্রা বের হয়।

নোয়াখালী: প্রেসক্লাব চত্বরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাহবুবুর রহমান। বক্তব্য দেন উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর সরকার, সহকারী অধ্যাপক আবদুল কাইয়ুম, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথ প্রমুখ। গান শোনান তাসনুবা বিনতে তাহের, মেহের নিগার, মিরা প্রভা, আবৃত্তি করেন নাজমুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

বান্দরবান: আনন্দ শোভাযাত্রা ও সুধী-পাঠক সমাবেশে বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেয়। বিকেলে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে বাঙালিদের সঙ্গে মারমা, ম্রো, বম, ত্রিপুরা, খিয়াং, চাক, খুমি, চাকমা, তঞ্চঙ্গ্যাসহ ১১টি জনগোষ্ঠীর মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। স্বাগত বক্তব্য দেন বুদ্ধজ্যোতি চাকমা। প্রথম আলোর কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন উন্নয়নকর্মী জিরকুং সাহু বম, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক ক্যসামং মারমা, সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর আলম, ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি য়াং আন ম্রো, চাক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক থোয়াইংগ্য জাই বিজয় চাক, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা প্রমুখ। পাঠকদের শুভেচ্ছা জানান বন্ধুসভার যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন।
ফেনী: ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তায়বুল হক, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন, পাঠক কাজী মেহের জাবিন, নুসরাত তানযুম, আশরাফুল হক, সৈকত রায়, ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক মাখজাম হায়দার। শুভেচ্ছা বক্তব্য দেন আবু তাহের। পাঠকদের কথামালার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর: প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিকেলে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় শোভাযাত্রা। পরে সেখানে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এম জে আলম। অতিথি ছিলেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, বিএমএর সভাপতি আশফাকুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মাহবুবুল আলম, সহযোগী অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি প্রভাষক মো. নাহিদ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। পাঠকদের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মান্দারী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সলিল ব্যানার্জি, জাকির হোসেন ভূইয়া। অনুষ্ঠানে গান শোনান শাহাদাত হোসেন, ফাতেমা মেহেজাবিন, মারজাহান চৌধুরী ও ভানু নাগ। পরে পাঠকদের শুভেচ্ছা জানিয়ে সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আইনজীবী ফখরুল ইসলাম।
পটিয়া (চট্টগ্রাম): উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায়, সনাক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, শিক্ষক স্বপ্না দত্ত, পাঠক আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক। ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন পটিয়া বন্ধুসভার সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুরা সংগীত পরিবেশন করেন।