শুভশক্তিকে জাগ্রত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমা আবৃত্তি সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় আলোর মিছিল বের করা হয়। ছবিটি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে তোলা l প্রথম আলো
প্রমা আবৃত্তি সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় আলোর মিছিল বের করা হয়। ছবিটি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে তোলা l প্রথম আলো

আবৃত্তি সংগঠন প্রমা গতকাল রোববার সন্ধ্যায় উদ্যাপন করল তাদের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। ‘বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থানের বিরুদ্ধে শান্তির সপক্ষে জেগে ওঠো শুভবোধসম্পন্ন সকল মানুষ’ স্লোগান সামনে রেখে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি।
জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতার অন্ধকারের বিরুদ্ধে আলোর মিছিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পকলা একাডেমী থেকে গতকাল সন্ধ্যায় মোমবাতি হাতে মিছিলটি বের হয়। নগরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি পুনরায় শিল্পকলা একাডেমীতে শেষ হয়। পরে একাডেমীর আর্ট গ্যালারিতে রজতজয়ন্তী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে বিশিষ্টজনদের কথামালাতে ছিল সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান। বক্তারা বলেন, চারদিকে হানাহানি সন্ত্রাস আর মানুষে মানুষে ভেদাভেদ। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ কাজটি করতে হবে সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে। জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা গান নাটক সাহিত্য হবে জেগে ওঠার হাতিয়ার।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী অস্থিরতা চলছে। চলছে হামলা। বাংলাদেশেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে। মুক্তমনা মানুষদের ওপর হামলা হচ্ছে। যতই হামলা হোক, শান্তির পক্ষে কণ্ঠ এবং কলম রোধ করা যাবে না।
রাশেদ হাসানের সঞ্চালনায় সুধী সমাবেশে কবি অরুণ দাশগুপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, চারুকলা বিভাগের অধ্যাপক অলক রায়, স্থপতি বিধান বড়ুয়া, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কবি ওমর কায়সার, সাংবাদিক রাশেদ রউফ, কবি আখতার হোসাইন, কবি জিন্নাহ চৌধুরী, নাট্যব্যক্তিত্ব মুনীর হেলাল, শুভ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।
সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়, কাবেরী সেনগুপ্তা ও শান্তনু বিশ্বাস। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।