শুভাকাঙ্ক্ষী থেকে অপহরণকারী

এলেম মিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তাঁর শিশুপুত্র আসাদুজ্জামান নূরকে অপহরণ করেন প্রতিবেশী খোকন মিয়া।গত বৃহস্পতিবার রাতে নূরকে টঙ্গী থেকে সহযোগীদের দিয়ে অপহরণ করান তিনি।এরপর এলেম মিয়ার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।গতকাল রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ওই শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর উত্তরার র্যাব-১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ আসাদুজ্জামান নূরকে (৬) গতকাল রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের জয়দেবপুর থেকে উদ্ধার করে।গ্রেপ্তার করা হয় খোকন মিয়াসহ অপহরণকারী দলের দুজন শাহ জামাল ও মুকুল মিয়াকে।পরে তাঁদের উত্তরার র্যাব-১-এর কার্যালয়ে আনা হয়।শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে।
এলেম মিয়া টঙ্গীর মধ্য আউচপাড়ার বাসিন্দা।তিনি দীর্ঘ ১৭ বছর সৌদি আরবে ছিলেন।সম্প্রতি দেশে ফিরে এসেছেন।তিনি যে বাড়িতে ভাড়া থাকেন, এর নিচতলার বাসিন্দা দর্জির দোকান পরিচালনা করেন খোকন মিয়া।সেই সূত্রে এলেম মিয়ার সঙ্গে খোকনের ঘনিষ্ঠতা।
সংবাদ সম্মেলনে দেওয়া আসাদুজ্জামান নূরের ভাষ্য, ‘ঈদের চাঁদ ওঠার পর খেলতে বাসা থেকে বের হই।এ সময় টেইলারদের (দর্জি) একজন (মুকুল মিয়া) জোর করে রিকশায় তুলে নেয়।পরে একটি গাড়িতে (প্রাইভেট কার) তুলে মারতে থাকে।’
র্যাবের তথ্যমতে, ছেলেকে যে খোকন মিয়াই ধরে নিয়ে গেছেন, প্রথমে তা একেবারেই বুঝতে পারেননি বাবা এলেম মিয়া।প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘আসাদুজ্জামানকে ধরে নিয়ে যাওয়ার পরও আমার সঙ্গে সব সময় ছিল খোকন।এ সময় আমি ছেলেকে ফিরে পেতে কী করছিলাম, সব তথ্য অপরহরণকারীদের জানাতে থাকে সে।’
খোকনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানিয়ে এলেম মিয়া বলেন, ‘আমি প্রায় ১৭ বছর সৌদি আরবে চাকরি করেছি।দেশে ফেরার পর আমার ভাড়া বাসার থ্রি স্টার টেইলার্সের মাস্টার খোকনের সঙ্গে আমার পরিচয় ও ঘনিষ্ঠতা।আমার ছেলেও খেলার সময় নিচে ওই দোকানে যেত।’
এলেম মিয়া জানান, বিভিন্ন সময় খোকন তাঁর কাছে টাকা ও সম্পত্তির কথা জিজ্ঞাসা করতেন।
র্যার-১-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত্ সাংবাদিকদের জানান, মূল পরিকল্পনাকারী হলেও আসাদুজ্জামানকে অপহরণ করে অন্য সঙ্গীদের দিয়ে এলেম মিয়াকে ফোন করান খোকন মিয়া।প্রথমে ৫০ লাখ, পরে ২০ লাখ এবং সবশেষে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।ব্র্যাক ব্যাংকের বিকাশের মাধ্যমে ছেলেকে ফিরে পেতে কিছু টাকা দিয়েছিলেন এলেম মিয়া।
পরিমাণ না জানালেও অপহরণকারীদের দেওয়া টাকা ফেরতের চেষ্টা চলছে জানিয়ে লে. কর্নেল কিসমত হায়াত্ বলেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে অনুসন্ধান করে বোঝা যায়, এর মূল পরিকল্পনাকারী খোকন মিয়া।তবে ছয়জনের মধ্যে তিন অপহরণকারীকে ধরা হয়েছে।পলাতক অন্য তিনজনের মধ্যে বাবু ও সুমনসহ অজ্ঞাত এক মহিলার জড়িত থাকার প্রমাণ মিলেছে।এদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।