শুভাঢ্যা খাল পুনর্খনন শুরু
কেরানীগঞ্জের ঐতিহাসিক শুভাঢ্যা খাল সংস্কার ও পুনর্খননের কাজ উপজেলা প্রশাসন শুরু করেছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঐতিহাসিক শুভাঢ্যা খালটি সংস্কার করে পুনর্খনন ও পুনরুদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের ৪০ দিনের কর্মসূচির আওতায় ৫৪ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ শুভাঢ্যা খাল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, ‘কেরানীগঞ্জের খালটি আমাদের যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই এটি দখল হতে দেওয়া যাবে না। এটি রক্ষার জন্য খালের আশপাশের জনগণকে এগিয়ে আসতে হবে। এই শুভাঢ্যা খালটি রক্ষার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া বলেন, খালটি সংস্কার, খনন ও পুনরুদ্ধারের জন্য প্রাথমিক পর্যায়ে ৫৪ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে। সম্প্রতি খালটির ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। সে সঙ্গে পুনর্খননের কাজ চলছে। খালটিতে যাতে কেউ ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, শুভাঢ্যা ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ।