শুভাঢ্যা খাল রক্ষায় নৌকাবাইচ
কেরানীগঞ্জের ঐতিহ্য শুভাঢ্যা খাল রক্ষায় নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খাল দখল ও দূষণরোধে সচেতনতায় আজ বুধবার বিকেলে শুভাঢ্যা খালে শৌখিন নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা প্রশাসন ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখার সহযোগিতায় ওই আয়োজন করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয় মাঠ এলাকার সামনের সেতু থেকে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব আগানগর গুদারাঘাট এলাকার বুড়িগঙ্গা নদীর সংযোগ স্থলে গিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ হয়। নৌকাবাইচে অর্ধশতাধিক ডিঙি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিকেল চারটার দিকে পূর্ব আগানগর গুদারাঘাট আলম মার্কেটের সামনে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জ্ঞানরঞ্জন শীল, বিশেষ অতিথি জলবায়ু কল্যাণ ট্রাস্টের উপপরিচালক আবে আবদুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মতিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি আবদুল আজিজ, প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেলিম মাঝির দল, দ্বিতীয় বিল্লাল মাঝির দল ও তৃতীয় হয়েছে রিপন মাঝির দল। প্রথম বিজয়ীকে ২৪ ইঞ্চি রঙিন টিভি, দ্বিতীয় বিজয়ীকে ২১ ইঞ্চি রঙিন টিভি ও তৃতীয় বিজয়ীকে ১৭ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।
