
ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল দখলমুক্ত ও দূষণরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে গতকাল শুক্রবার ওই খালে শৌখিন ডিঙি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভা ও বাংলাদেশ স্কাউটস কেরানীগঞ্জ শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল সাড়ে ১০টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে নৌকাবাইচ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ। শুভাঢ্যা উচ্চবিদ্যালয় মাঠ এলাকায় গিয়ে নৌকাবাইচ শেষ হয়। প্রায় তিন কিলোমিটার পথের এই প্রতিযোগিতায় অংশ নেয় তিন মাঝির অর্ধশতাধিক ডিঙি নৌকা।
উদ্বোধনী অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, শুভাঢ্যা খালের উভয় তীরের মানুষদের জীবনের তাগিদে এ খালকে বাঁচানো দরকার। এটি রক্ষার জন্য খালের দুই পাশের মানুষসহ সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই শুভাঢ্যা খাল দখল ও দূষণ করতে দেওয়া যাবে না। যারা খাল দখল ও দূষণ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জলবায়ু ট্রাস্টের উপপরিচালক আবু আবদুল্লাহ বলেন, শুভাঢ্যা খাল দখল ও দূষণমুক্ত করতে জলবায়ু ট্রাস্ট থেকে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্বে খালটি দখল ও দূষণমুক্ত করার জন্য ৫০ শতাংশ টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তীকালে এ কাজের অগ্রগতি দেখে বাকি টাকা বরাদ্দ দেওয়া হবে।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুভাঢ্যা খালটি দখল ও দূষণমুক্ত করতে সরকার যথেষ্ট আন্তরিক। যেকোনো মূল্যে আমাদের এ খালকে রক্ষা করতে হবে।’
বেলা ১১টার দিকে শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ে মাঠে প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম লাল মিয়ার দলকে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় আনোয়ার মিয়ার দলকে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় মো. ফারুকের দলকে দেওয়া হয় ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক মাঝিকে নগদ অর্থ ও হারিকেন উপহার দেওয়া হয়।
নৌকাবাইচ উপলক্ষে খালের দুই পাড়ের মানুষদের সচেতনতার জন্য কেরানীগঞ্জ শিল্পকলা একাডেমীর শিল্পীরা খাল দখল ও দূষণরোধে গণসংগীতের আয়োজন করেন। এতে মিলন সরকার, উজ্জ্বল দেওয়ান, ইসমাইল হোসেন ও তাহমিনা আক্তার সংগীত পরিবেশন করেন।