শুভাঢ্যা খালে প্রবাহিত হচ্ছে বুড়িগঙ্গার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ​কেরানীগঞ্জের চরকুতুব এলাকায় শুভাঢ্যা খালে নৌকা চলাচল করছে। ছবিটি গতকাল তোলা l সাজিদ হোসেন
দক্ষিণ ​কেরানীগঞ্জের চরকুতুব এলাকায় শুভাঢ্যা খালে নৌকা চলাচল করছে। ছবিটি গতকাল তোলা l সাজিদ হোসেন

কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালে বুড়িগঙ্গার পানি প্রবাহিত হওয়ায় সেখানে এখন নৌকা চলাচল শুরু হয়েছে। বছর খানেক আগেও এ খালটি দখল ও দূষণে জর্জরিত ছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি সংস্কার করা হলে আবার প্রাণ ফিরে পেয়েছে শুভাঢ্যা।
শুভাঢ্যা খাল পরিষ্কার ও দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভা ও বাংলাদেশ স্কাউট কেরানীগঞ্জের সহযোগিতায় ৩১ জুলাই শৌখিন ডিঙি নৌকাবাইচ প্রতিযোগিতা ২০১৫ আয়োজন করা হয়েছে।
শুভাঢ্যা ঝাউবাড়ী এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, একসময় শুভাঢ্যা, বেগুনবাড়ী, ঝাউবাড়ী এলাকার মানুষ এ খাল দিয়ে নৌকাযোগে সদরঘাটে যাতায়াত করতেন। সরকার একাধিকবার খালটি উদ্ধার করে পানিপ্রবাহ সৃষ্টি করে। কিন্তু খালটি দেখভালের অভাবে কিছুদিন পর আবার ময়লা–আবর্জনায় খালটি ভরাট হয়ে যায়। এটা খেয়াল করা দরকার।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী ও ২০১২ সালের জুলাই মাসে উপজেলা প্রশাসন শুভাঢ্যা খালের সংস্কারকাজ করে। কিন্তু আবারও খালটি আবর্জনায় ভরে যায় এবং অনেক জায়গা দখল হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সর্বশেষ খালটি দূষণমুক্ত, দখলমুক্ত ও পুনঃখননের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্ট তহবিল থেকে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর আওতায় খালটির প্রায় ১ দশমিক ৩৪ কিলোমিটার এলাকা পরিষ্কার করা হয়।
উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, শুভাঢ্যা খাল রক্ষায় কালীগঞ্জ এলাকা থেকে রাজেন্দ্রপুর পাইনার খাল এলাকা পর্যন্ত সীমানা নির্ধারণ করে তা দখলমুক্ত করা হবে। এ ছাড়া খালের তীরে হাঁটার পথ নির্মাণ করা হবে।