
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর ওপর পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সেতুর দুই পাশে রাস্তার ওপর সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে সেতু এবং এর দুই পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে ওই সেতুটি নির্মাণ করা হয়। ১৯৯৭ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ায় এর ওপর দিয়ে যানবাহন চলাচল বেড়ে যায়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুর ওপরে চারটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এসব স্থান রড বের হয়ে আছে। এর মধ্যে সেতুর মাঝামাঝি স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সেতুর পূর্ব পাশে প্রায় ৩০ ফুট এবং পশ্চিম পাশে প্রায় ১০ ফুট জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ট্রাকচালক সানোয়ার হোসেন বলেন, ‘সেতুর ওপর ট্রাক নিয়ে ওঠার পর মনে হয়, এই বুঝি প্রাণটা গেল।’
টাঙ্গাইলগামী ধলেশ্বরী পরিবহনের বাসযাত্রী হারুন-অর-রশিদ বলেন, সেতু এবং এর দুই পাশের গর্ত দিয়ে ঝুঁকি নিয়েই তাঁদের যান চালাতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর মির্জাপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ফারাক হোসেন জানান, বৃষ্টির জন্য সেতুটির দুই পাশে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সেতুর ওপর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, সেতুর ওপর কার্পেটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে। এ ছাড়া সেতুর দুই পাশের সড়কও সংস্কার করা হয়েছে।