আদালত খোলার প্রথম দিন প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেনি আইনজীবীদের একাংশ। প্রায় দেড় মাস অবকাশ শেষে গতকাল রোববার আদালত খুলেছে। অবকাশ শেষে আদালত খোলার প্রথম দিনে আইনজীবীরা প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পূর্বঘোষণা অনুযায়ী ওই অনুষ্ঠান বর্জন করে। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সমিতির নেতৃত্বে থাকা সরকার-সমর্থক অংশ অনুষ্ঠানে যোগ দেয়। এ নিয়ে গতকাল আদালত অঙ্গনে উত্তাপ ছিল। এ ছাড়া বিরোধী দল-সমর্থক আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহমেদকে নির্যাতন করে হত্যার অভিযোগসহ বিভিন্ন দাবিতে বিরোধী দল-সমর্থক আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি সমিতি ভবন প্রাঙ্গণে ও দেয়ালে কালো পতাকা টানানো হয়। সমিতির দক্ষিণ হলে সাধারণ সভা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ শুরু হয়। জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, এম জহির, আবদুল বাসেত মজুমদার, এ এফ এম মেসবাহউদ্দিন, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এম আমিনউদ্দিন ছাড়াও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সমিতির সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক প্রমুখ শুভেচ্ছা বিনিময় করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরা বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। সমিতির গুটিকয় সদস্য রাজনৈতিক উদ্দেশ্যে সৌজন্য সাক্ষাৎ বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু তাঁরাই সৌজন্য সাক্ষাতে যাননি।’ এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মেডিকেল রিপোর্ট দেখলেই বোঝা যাবে, এম ইউ আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। অন্যদিকে দক্ষিণ হলে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় রফিকুল ইসলাম মিয়া, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ বক্তব্য দেন। সভায় এক বিচারপতির বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দায়েরপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এম ইউ আহমেদ সম্পর্কে ওই বিচারপতি বিদেশি গণমাধ্যমে কথা বলে আচরণবিধি লঙ্ঘন করেন বলে সমিতি মনে করে। এ ছাড়া এম ইউ আহমেদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার নিশ্চিত এবং তাঁর পরিবারকে আজীবন রাষ্ট্রীয় খরচে ভরণপোষণেরও দাবি জানানো হয়।