শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের নৌবাহিনীর জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভেচ্ছা সফরে আসা চীনের নৌবাহিনীর জাহাজ l ছবি: বাংলাদেশ নৌবাহিনীর সৌজন্যে
শুভেচ্ছা সফরে আসা চীনের নৌবাহিনীর জাহাজ l ছবি: বাংলাদেশ নৌবাহিনীর সৌজন্যে

চীনের নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজ তিনটির শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছে নৌবাহিনী। নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বন্দর সূত্র জানায়, জাহাজ তিনটি হলো লুইজু, সানিয়া ও কিংহাইহু। প্রথম দুটি জাহাজের প্রতিটি ১৩৫ মিটার লম্বা। দুটিই বন্দরের এনসিটি জেটিতে ভেড়ানো হয়েছে। তবে চিংহাইহু নামের জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশের গভীরতার দৈর্ঘ্য) বেশি থাকায় বন্দর জেটিতে ভেড়ানো যায়নি। এটি বহির্নোঙরে রাখা হয়েছে। এই জাহাজটি ১৯১ মিটার লম্বা। এটি পানির নিচের অংশের গভীরতার দৈর্ঘ্য ১০ দশমিক ৮ মিটার। বন্দরে সর্বোচ্চ সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর সুবিধা আছে।
নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকালে জাহাজ তিনটি বন্দরে পৌঁছার পর বানৌজা ঈসা খানের অধিনায়ক কমোডর এম রাশেদ আলী চীনা কর্মকর্তাদের স্বাগত জানান। এর আগে চীনের জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় পৌঁছার পর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয়ের মাধ্যমে সফরকারীদের স্বাগত জানানো হয়। চীনের নৌবাহিনীর সাউথ সি ফ্লিটের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ইউ মান জিয়াং এই তিন জাহাজের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরকালে জাহাজ তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রামের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব ও বিএন ফ্লিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে এই সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি ৩১ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।