শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

চার দিনের শুভেচ্ছা সফরে আজ সোমবার সকালে চট্টগ্রামে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর। সকালে বন্দরে জাহাজটি পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানায়। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’ তাকে অভ্যর্থনা জানায়। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে অবস্থানকালে আইএনএস রানভীরের অধিনায়ক ক্যাপ্টেন রাজীব অশোক চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, বাংলাদেশ নেভি ফ্লিটের কমান্ডার, কমান্ডার সাবমেরিন, কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড (সিএসডি) এবং কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা নৌবাহিনী জাহাজ ‘ধলেশ্বরী’, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।
ভারতীয় নৌবাহিনী জাহাজের এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি ২৭ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে।