শুভেচ্ছার বিলবোর্ডে ঢাকা পড়েছে সবুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ নেওয়ার পরই চট্টগ্রামের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিনকে অভিনন্দন জানিয়ে নগরের বিভিন্ন এলাকায় বিলবোর্ড, প্ল্যাকার্ড, ব্যানার টাঙানো হয়েছে। সবুজ ঢেকে দেওয়া এসব বিলবোর্ডে মেয়রের ছবির পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাদের ছবি শোভা পাচ্ছে।
সিটি নির্বাচনের প্রচারণায় চট্টগ্রামের সৌন্দর্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন আ জ ম নাছির উদ্দিন। গতকাল বুধবার তিনি চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নিয়েছেন। এখন তাঁকে শুভেচ্ছা জানাতে যত্রতত্র নেতা-কর্মীদের বিলবোর্ড স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, আগ্রাবাদ মোড় থেকে কাস্টমস পর্যন্ত এলাকায় প্রধান সড়কের বিভাজকে মেয়রকে শুভেচ্ছা জানিয়ে সাংসদ এম এ লতিফের নামে প্ল্যাকার্ড টাঙানো হয়েছে। চৌমুহনী, বাদমতলী ও জিইসি মোড়ে কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মো. হেলাল উদ্দীন, টাইগারপাস ও লালখান বাজার এলাকায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল মান্নান, ওয়াসা মোড়ে কোতোয়ালি থানা যুবলীগের নেতা মির্জা কামরুল হাসান, মনিরুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিনের নামে বিলবোর্ড টাঙানো হয়েছে।
সিটি নির্বাচনের আগে চট্টগ্রাম সফরে এসে প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নগরের যত্রতত্র বিলবোর্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, অবৈধ বিলবোর্ডে চট্টগ্রামের সৌন্দর্যহানি হচ্ছে। এসব বিলবোর্ড সরিয়ে ফেলা দরকার। চট্টগ্রাম সিটি নির্বাচনের আগে গত এক বছর সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও মহানগর পুলিশ অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযানও চালায়।
বিলবোর্ডে মেয়রকে শুভেচ্ছা জানানোর কারণ জানতে গতকাল রাতে কোতোয়ালি থানা যুবলীগের নেতা মির্জা কামরুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হয়। অন্য একজন ফোন ধরে বলেন, ‘ভাইয়া মিটিংয়ে আছেন। পরে আপনার সঙ্গে কথা বলবেন।’ পরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিলবোর্ডে নতুন মেয়রকে শুভেচ্ছা জানানোর বিষয়ে ছাত্রলীগের সাবেক একজন নেতা নাম না প্রকাশের শর্তে জানান, নতুন মেয়রের কাছে বিলবোর্ডমুক্ত সবুজ শহর প্রত্যাশা করে সবাই। তাঁকে যাঁরা অভিনন্দন জানাচ্ছেন তাঁদের অনেকেই বিতর্কিত। নতুন মেয়রকে এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।
গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগর থেকে অবৈধ বিলবোর্ড সরাতে সমন্বিত উদ্যোগ দরকার। বিলবোর্ড সরানোর দায়িত্ব সিটি করপোরেশনের। নতুন মেয়র যেভাবে বলবেন সেভাবেই আমরা তাঁকে সহযোগিতা করব, যাতে অবৈধ বিলবোর্ড দ্রুত সরানো যায়।’