শুভ্রা মুখার্জির অন্ত্যেষ্টিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। এরপর গতকাল সন্ধ্যায়ই প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন। খবর বাসসের।
গতকাল সকালে শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছান। স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জির ১৩ তালকাটোরা রোডের বাসভবনে গিয়ে শুভ্রা মুখার্জির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি এ বাড়িতেই থাকতেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে লোধি রোড ক্রিমেটোরিয়ামে অনুষ্ঠিত শুভ্রা মুখার্জির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।
ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাজনাথ সিং ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, মেয়ে সায়মা হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে রাষ্ট্রপতি ভবনে যান। শেখ হাসিনা সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শুভ্রা মুখার্জির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করেন।
অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার পর গতকালই দেশে ফেরেন প্রধানমন্ত্রী। তাঁকে বহনকারী বিমান সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।