শুভ্রা মুখার্জির মৃত্যুতে নড়াইলে শোকসভা
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে নড়াইল সদর উপজেলায় তাঁর বাবা ও মামার বাড়িতে ধর্মীয় আচার পালন করা হচ্ছে। গত বুধবার উপজেলার তুলারামপুর শুভ্রা মুখার্জি মহাবিদ্যালয়ে (প্রস্তাবিত) পালন করা হয় নানা কর্মসূচি। এর মধ্যে ছিল প্রতিকৃতিতে ফুল দেওয়া, কালো ব্যাজ পরা ও শোকসভা।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম নবীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী, প্রভাষক মহব্বত হোসেন, প্রভাষক মণি রতন বিশ্বাস, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক কুমার ঘোষ প্রমুখ। শুভ্রা মুখার্জির সম্মানে গতকাল বৃহস্পতিবার কলেজ বন্ধ রাখা হয়। এ ছাড়া বুধবার বন্ধ থাকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার শুভ্রা মুখার্জি কিন্ডারগার্টেন।
মঙ্গলবার শুভ্রা মুখার্জির মৃত্যুর খবরে তাঁর জন্মস্থান, মামার বাড়িসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর আত্মার শান্তি কামনায় জন্মস্থান ভদ্রবিলা গ্রামে ও তুলারামপুর গ্রামের মামার বাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী চলছে প্রার্থনা।