শুভ্রা মুখার্জীর নামে হাসপাতাল হচ্ছে নড়াইলে
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর নামে নড়াইলে হাসপাতাল হচ্ছে। সদর উপজেলার বাঁশভিটা গ্রামে এ হাসপাতাল হবে। স্থানটি নড়াইল শহর থেকে এক কিলোমিটার পশ্চিমে নড়াইল-যশোর সড়কের পাশে।
আজ মঙ্গলবার সকালে বাঁশভিটা গ্রামে প্রস্তাবিত হাসপাতালের ছবিসংবলিত সাইনবোর্ড টাঙানো হয়। শুভ্রা মুখার্জীর বাবার বাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে।
সাইনবোর্ড টাঙানোর সময়ে উপস্থিত ছিলেন শুভ্রা মুখার্জী মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাবেক সচিব মোহাম্মদ মুসা, শারমিন গ্রুপের চেয়ারম্যান মো. ইসমাইল হুসাইন ও লাবিব গ্রুপের চেয়ারম্যান মো. সালাউদ্দিন আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইাল জেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, শুভ্রা মুখার্জীর মামাতো ভাই কার্তিক ঘোষ প্রমুখ।
বেঙ্গল গ্রুপের স্টেট বিভাগের ব্যবস্থাপক আইনজীবী আশরাফুল আলম জানান, শুভ্রা মুখার্জী মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে এ হাসপাতাল হচ্ছে। প্রথম পর্যায়ে তিনতলা এ হাসপাতালে ৫০টি শয্যা থাকবে। এ জন্য প্রায় সাত একর জমি কেনা শুরু হয়েছে। মার্চ মাস নাগাদ ভবন নির্মাণ শুরু হতে পারে।