রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নন্দিনী, নজরুলের ‘রাক্ষুসী’ গল্পের রাক্ষুসী ও নিলীমা ইব্রাহীমের আমি বীরাঙ্গনা বলছি বইয়ের বীরাঙ্গনা রূপে নিজেকে উপস্থান করলেন অভিনেত্রী শুভ্রা বিশ্বাস। উন্মোচন করলেন নারীর চিরন্তন দুঃখ-গাথাকে। সেই সঙ্গে নারীর পৃথিবীতে টেনে আনলেন দর্শক শ্রোতাদের।
পাঠ-অভিনয়ে কেবল কণ্ঠের মাধ্যমেই আবেগের প্রকাশ ঘটিয়ে দর্শকের কাছে পৌঁছাতে হয়। এ ক্ষেত্রে পুরোপুরি সফল হয়েছেন অভিনেত্রী শুভ্রা বিশ্বাস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ ও ৯ মার্চ নগরের তিনটি ভিন্ন আয়োজনে তিনটি নারী চরিত্র নিয়ে শুভ্রার পাঠ-অভিনয় দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে।
৮ মার্চ সকালে নগরের থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ‘নারী তোমার জন্য’ শিরোনামের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী থেকে নির্বাচিত কিছু অংশ পাঠ করেন তিনি। এ পাঠ-অভিনয়ে উঠে আসে নন্দিনী ও রঞ্জনের গল্প। নন্দিনী অচলায়তন ভাঙার স্বপ্ন দেখে। তার বিশ্বাস একদিন রঞ্জনের তারুণ্যের উচ্ছ্বাসে বদলে যাবে সব। রক্তকরবী নিয়ে এটি ছিল শুভ্রা বিশ্বাসের প্রথম পরিবেশনা।
এদিন বিকেলে উইমেন চেম্বার অব কমার্স ও বাংলাদেশ মহিলা সমিতির যৌথ আয়োজনে মহিলা সমিতি মিলনায়তনে কাজী নজরুল ইসলামের গল্প ‘রাক্ষুসী’ থেকে পাঠ করেন তিনি। নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক ও সহিংস আচরণের চিত্র প্রাসঙ্গিক হয়ে এসেছে এই গল্পে। এ পরিবেশনার মাধ্যমে ‘রাক্ষুসী’ গল্পের পাঠ-অভিনয়ের ১৬তম মঞ্চায়ন হল এবার।
পরদিন ৯ মার্চ চট্টগ্রামের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আমি বীরাঙ্গনা বলছি থেকে পাঠ করেন শুভ্রা। এ পাঠ-অভিনয়ের ২৫তম মঞ্চায়ন হলো এ নিয়ে। একাত্তরের বীরঙ্গনাদের কাহিনি বয়ান করতে করতে দর্শককে আবেগে আক্রান্ত করেন শুভ্রা।
কেবল অভিনয় নয় এই তিনটি পাঠ-অভিনয়ের নাট্যভাবনা, নাট্যরূপ এবং নির্দেশনাও দিয়েছেন শুভ্রা। এ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘যখন যে চরিত্রে অভিনয় করি তখন সে চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করি। এর ফলেই হয়তো সেই চরিত্রের প্রতিফলন ঘটে আমার মধ্যে।’