তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ১৯৭২ সালের শুরু থেকে তাজউদ্দীন আহমদের প্রতি দলের একটি অংশ ‘অসহিষ্ণুতা’ দেখায়। এখনো এ অবস্থার পরিবর্তন হয়নি।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে আবুল কাসেম ফজলুল হক ‘তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার’ শীর্ষক বক্তৃতা দেন।
বক্তৃতায় আবুল কাসেম ফজলুল হক বলেন, রাজনৈতিক জীবনে তাজউদ্দীন শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত অনুসারী ছিলেন। অনেকে মনে করেন, তাঁর রাজনৈতিক জীবনের প্রধান দুর্বলতা বঙ্গবন্ধুর ওপর নির্ভরশীলতা। তবে এতে একটি বড় ব্যতিক্রম মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সব রকম নির্ভরশীলতা কাটিয়ে সম্পূর্ণ স্বাধীন মনোবল নিয়ে, সহকর্মীদের নিয়ে কাজ করছেন। তিনি আরও বলেন, সামরিক আক্রমণ আসন্ন জেনে শেখ মুজিব বন্দিত্ব ‘বরণ’ করেন। তাজউদ্দীন সহকর্মীদের নিয়ে প্রবাসে নিজেদের সরকার, মুক্তিবাহিনী গঠন করে নয় মাস যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। কিন্তু বঙ্গবন্ধু তাজউদ্দীন আহমদের ওপর নির্ভর করতে পারেননি। তিনি বিশ্বাস করেছিলেন খন্দকার মোশতাককে এবং আস্থা রেখেছিলেন শেখ ফজলুল হক মণির ওপর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ‘বন্দিত্ব বরণ’ ও ২৫ মার্চ বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দীন আহমদের ‘বিচ্ছেদ’ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একজন নেতা কখনো পালিয়ে যেতে পারেন না। ১৫ আগস্ট আক্রমণের কথা আঁঁচ করতে পেরেও তিনি বাড়ি থেকে পালিয়ে যাননি। দুজনের মধ্যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কোনো মনস্তাত্ত্বিক বিরোধ ঘটেনি।
তাজউদ্দীন আহমদের মেয়ে ও সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, বক্তা তাঁর নিজস্ব ভাবনার কথা বলেছেন। ভিন্নমত, ভিন্ন চিন্তা থাকতেই পারে। সত্য ও সুন্দরের সাধনা করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামালউদ্দীন বলেন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। স্বাধীনতাবিরোধীরা কখনো কাউকে বড় কাউকে ছোট করার চেষ্টা করে। বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদের আদর্শের দিক থেকে কোনো অমিল ছিল না।
আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হলেও, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে জেনারেটর অকেজো হয়ে যায়। পরে সিনেট ভবনের সামনে অনুষ্ঠানটি করা হয়। তাজউদ্দীন আহমদের মেয়ে ট্রাস্ট ফান্ডের দাতা ও প্রতিষ্ঠাতা শারমিন আহমদ বলেন, ‘আশ্চর্যজনকভাবে আজ (বৃহস্পতিবার) পুরো গ্রিড অচল হয়ে গেল। কিন্তু আমরা থেমে থাকব না। তাজউদ্দীন আহমদ ছিলেন আলোর মতো। তিনি চিন্তার মুক্তির প্রতীক ছিলেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, আমীর-উল-ইসলাম ইসলাম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র ও শিক্ষকেরা।
অনুষ্ঠানে একজন ছাত্রকে শান্তি স্বর্ণপদক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।