শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত তারেক ও আরিফ
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত ছিলেন র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও কোম্পানি কমান্ডার মেজর আরিফ হোসেন।
আর নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা অপহরণ পর্যন্ত অংশ নিয়ে আংশিক জড়িত ছিলেন । ঘটনার পরপরই তাঁদের অবসরে পাঠানো হয়।
আলোচিত এই সাত খুনের ঘটনায় র্যাবের পক্ষ থেকে জমা দেওয়া তদন্ত প্রতিবেদন আজ বুধবার আদালতে উপস্থাপন করা হয়। সেখানেই এসব তথ্য পাওয়া যায়।
র্যাবে ‘স্বচ্ছ’ কর্মকর্তাদের নিয়োগ চান ডিজির্যাবের প্রতিবেদনে এই তিনজনকে ছাড়াও আরও ১৮ জনকে অভিযুক্ত হিসেবে গণ্য করা হয়েছে। তাঁরা হলেন এসআই পুর্নেন্দু বালা, এ বি আরিফ হোসেন, নায়েক নাজিম, নায়েক দেলোয়ার, ল্যান্স নায়েক হীরা মিয়া, সৈনিক মহিউদ্দিন মুন্সি, সৈনিক আবদুল আলিম, সৈনিক আলামিন, সিপাহী তৈয়ব, কনস্টেবল শিহাবউদ্দিন, কনস্টেবল আলামিন, হাবিলদার এমদাদ, ল্যান্স নায়েক দেলোয়ার হোসেন, সৈনিক আসাদ, সার্জেন্ট এনামুল, এএসআই বজুল, হাবিলদার নাসির ও সৈনিক তাজুল। তাঁরা উপস্থিত থেকে সহায়তা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আফতাব উদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি র্যাবের ডিজিসহ শীর্ষ কর্মকর্তাদেরও বক্তব্য গ্রহণ করে। সর্বমোট ৯১ জনের জবানবন্দি ও বক্তব্য গ্রহণ করা হয়। সব বিষয়ে তদন্ত শেষে গত ২৩ নভেম্বর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় কমিটি। সেই প্রতিবেদন আজ আদালতে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় তিনি প্রতিবেদনের অংশবিশেষ পড়ে শোনান।
তাঁর হাতে স্নাইপার গান ছিল কেন?পরে আদালতের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘মামলায় হাইকোর্ট বিভাগ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তার আলোকে এর আগে র্যাবের পক্ষ থেকে তিনটি প্রতিবেদন দাখিল করা হয়েছিল। আজকে চূড়ান্ত এবং সর্বশেষ প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। এবং আদালতে আমরা দাখিল করেছি।’ তিনি বলেন, র্যাব যাঁদের সাক্ষ্য গ্রহণ করেছে এবং যাঁরা এ ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রমাণ পাওয়া গেছে, তাঁদের নাম প্রতিবেদনের মতামত অংশে প্রকাশ করা হয়েছে। আদালত এটাকে আজ গ্রহণ করেছেন। অন্যান্য প্রতিবেদনের জন্য পরবর্তী তারিখ জানুয়ারি মাসে ধার্য করা হয়েছে।
মাহবুবে আলম বলেন, ‘কিন্তু এই প্রতিবেদন মামলার বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে ডিবি তদন্ত করে যে অভিযোগপত্র দেবে। তারা যেভাবে মামলাটি আদালতে তুলবে, তার ভিত্তিতে মামলার বিচার হবে। র্যাবের ওপর একটি নির্দেশ ছিল তাদের সংস্থার কারা কারা জড়িত বা উদ্ধারে কোনো গাফিলতি ছিল কি না, ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য।’
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। অন্যদিকে চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় পৃথক একটি মামলা করেন।